Advertisement

রহস্যময়ী নারীর হাত ধরে বাদশার পোস্টে ভক্তদের উন্মাদনা

এশিয়া পোস্ট বিনোদন
রহস্যময়ী নারীর হাত ধরে বাদশার পোস্টে ভক্তদের উন্মাদনা
ইনস্টাগ্রামে র‌্যাপ-তারকা বাদশার রহস্যময় পোস্ট। ছবি: সংগৃহীত

ভারতীয় র‍্যাপ সংগীতের ‘বেতাজ বাদশা’ সুরকার ও র‌্যাপার বাদশা এক রহস্যময়ী নারীকে নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়েছেন। এতে নেটদুনিয়ায় সৃষ্টি হয়েছে তোলপাড়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক অচেনা নারীর সঙ্গে কিছু ছবি শেয়ার করেছেন বাদশা। ছবিতে দুজনের কারও মুখ দেখা না গেলেও, খোলা মাঠে পরম যতনে একে অপরের হাত ধরে আছেন। ক্যাপশনে বাদশা লিখেছেন, ‘মহাবিশ্ব অদ্ভুতভাবে মানুষকে আপনার জীবনে নিয়ে আসে।’

পোস্টটি ঘিরে ভক্তদের মনে দানা বেঁধেছে রহস্য। ভক্তরা দ্রুতই অনুমান করতে শুরু করেছেন যে এই রহস্যময়ী নারী হানিয়া আমির হতে পারেন, যদিও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির সঙ্গে তার গোপন বিয়ের গুজব ক্রমাগত শিরোনামে আসছে। কেউ কেউ আবার এটিকে নতুন কোনো মিউজিক ভিডিওর ঝলক হিসেবে দেখছেন। সূত্র: টাইমস এন্টারটেইনমেন্ট

তবে টুইস্ট এখানেই শেষ নয়। একদিকে হানিয়াকে নিয়ে জল্পনা, অন্যদিকে পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির সঙ্গে বাদশার গোপন বিয়ের খবর—এরই মধ্যে ইশার মা পুনম রিখির ইনস্টাগ্রামে পোস্ট করা কিছু ছবিতে দুজনকে মালাবদল করতেও দেখা গেছে। যদিও বাদশা এ নিয়ে একদম নীরব। তবে ভক্তদের কমেন্টে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।

প্রসঙ্গত, কিছুদিন আগেই নিজের বিতর্কিত গান 'তাতিরি'র পরিমার্জিত সংস্করণ এনেছিলেন বাদশা। সেই ঝোড়ো অধ্যায় কাটিয়ে এবার ব্যক্তিগত জীবনের এই নতুন ধাঁধায় ভক্তদের ঘুম উড়িয়ে দিলেন এই পপ তারকা। পর্দার আড়ালের এই 'রানি' আসলে কে, সেটাই এখন দেখার অপেক্ষা!