logo

কনসার্টে অ্যালবামের ঘোষণা দিলেন আতিফ আসলাম

কনসার্টে অ্যালবামের ঘোষণা দিলেন আতিফ আসলাম
পাকিস্তানি জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। ছবি: সংগৃহীত

আনন্দ আর বেদনা—উভয় সৌন্দর্য কণ্ঠে হৃদয়ে ধারণ করে নিজেকে অন্যদের চেয়ে স্বতন্ত্র করে রেখেছেন আতিফ আসলাম। পাকিস্তানি এই প্লে-ব্যাক গায়ক গানগুলোকে আপন করে নিতে পারেন অনায়াসে। এবার লন্ডনে কনসার্টের মাঝেই ঘোষণা দিলেন, আসছে তার নতুন অ্যালবাম।

জনপ্রিয় এই পাকিস্তানি গায়ক বলিউড অঙ্গনেও তুমুল জনপ্রিয়। ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এক বিরাট চমক দিলেন তিনি। সম্প্রতি লন্ডনের ঐতিহ্যবাহী ও-টু অ্যারেনায় আয়োজিত এক জমকালো লাইভ কনসার্টে তিনি তার নতুন স্টুডিও অ্যালবামের ঘোষণা দেন। দীর্ঘ ১৮ বছর পর পূর্ণাঙ্গ গানের চতুর্থ অ্যালবাম হতে যাচ্ছে এটি। দর্শকপূর্ণ কনসার্টে বিপুল করতালির মধ্যে আতিফ জানান, বহুল প্রতীক্ষিত এ অ্যালবামটি ২০২৬ সালের আগস্টের শুরুতে মুক্তি পাবে।

কনসার্টের একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে আতিফ তার ২০ বছরের সংগীত সফরের স্মৃতিচারণ করেন। লাহোরের সেই সাধারণ ছেলে থেকে আজকের আন্তর্জাতিক তারকা হয়ে ওঠার গল্প শোনান। সূত্র: দুনিয়া নিউজ

এরপরই আতিফ তার বিখ্যাত ডেবিউ অ্যালবাম ‘জল পরি’র জনপ্রিয় টাইটেল ট্র্যাকটি গেয়ে শোনান এবং গানটি তার সেই পুরোনো বন্ধুদের ও উপস্থিত দর্শকদের উৎসর্গ করেন। ভক্তদের ভালোবাসাই তাকে আজ এই অবস্থানে নিয়ে এসেছে বলে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশেষ এই সংগীত সন্ধ্যায় আতিফ আসলামকে অনুপ্রাণিত করতে দর্শকদের সারিতে স্বামীসহ উপস্থিত ছিলেন তার দীর্ঘদিনের বন্ধু পাকিস্তানের খ্যাতনামা টেলিভিশন উপস্থাপিকা আনুশে আশরাফ।