Advertisement

হানিয়া আমির এখন ফোর্বসের প্রভাবশালী তারকা

এশিয়া পোস্ট বিনোদন
হানিয়া আমির এখন ফোর্বসের প্রভাবশালী তারকা
ফোর্বসের ৩০ আন্ডার ৩০ এশিয়া ২০২৬ তালিকায় স্থান পেয়েছেন হানিয়া আমির

সহজ-সরল আকর্ষণীয় এবং প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্য পরিচিত হানিয়া আমির। তুমুল জনপ্রিয় পাকিস্তানি এই সুপারস্টারের ক্রমবর্ধমান সাফল্যের তালিকায় যুক্ত হলো আরও একটি মাইলফলক। পাকিস্তানি এই শীর্ষ অভিনেত্রী ও মডেল আনুষ্ঠানিকভাবে মর্যাদাপূর্ণ ফোর্বস ৩০ আন্ডার ৩০ এশিয়া ২০২৬ তালিকায় স্থান পেয়েছেন। এর মাধ্যমে তিনি এই অঞ্চলের তরুণ পরিবর্তনকারী, উদ্যোক্তা, শিল্পী, বিজ্ঞানী এবং উদ্ভাবকদের এক বৈচিত্র্যময় দলে যোগ দিলেন।

ফোর্বসের এ তালিকাটি নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব রাখা ৩০ বছরের কম বয়সী ৩০ তরুণকে সম্মানিত করে। এবারের বার্ষিক তালিকাটি এর ১১তম সংস্করণ। এ বছর সাত পাকিস্তানি এই কাঙ্ক্ষিত তালিকায় স্থান করে নিয়েছেন। বিনোদন, প্রযুক্তি, বিজ্ঞান, অর্থায়ন এবং সামাজিক ক্ষেত্রে তারা বিভিন্নভাবে প্রভাব রেখেছেন।

হানিয়া আমিরের অন্তর্ভুক্তি এ বছরের অন্যতম বড় আকর্ষণীয় ঘটনা। বিনোদন ও ক্রীড়া বিভাগে ফোর্বসের এই স্বীকৃতি হানিয়াকে পাকিস্তানের প্রভাবশালী তরুণ তারকায় পরিণত করেছে। ইনস্টাগ্রামে তার ফলোয়ার প্রায় ২ কোটি। তিনি বর্তমানে পাকিস্তানের সবচেয়ে বেশি ফলো করা নারী সেলিব্রিটি।

২০১৬ সালে অভিনয়ে আত্মপ্রকাশের পর ‘ফির ওহি মহব্বত’-এ হানিয়া আমির দুর্দান্ত অভিনয় করে সাড়া ফেলেন। ফলে তিনি হাম অ্যাওয়ার্ডসে ‘সেরা টেলিভিশন সেনসেশন ফিমেল’ পুরস্কার অর্জন করেন। এরপর ‘সং-এ-মাহ’, ‘কভি ম্যায় কভি তুম’ ও ‘মেরি জিন্দেগি হ্যায় তু’-এর মতো নাটকে মনভোলানো অভিনয় করেন।

এ বছরের শেষদিকে নেটফ্লিক্সের হানিয়ার প্রথম পাকিস্তানি অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সং সমৈত লো’-তে অভিনয় করবেন। এরই মধ্যে প্রকল্পটি বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

বিনোদন জগতের বাইরে ফোর্বস একজন পাবলিক ফিগার হিসেবে তার ক্রমবর্ধমান প্রভাবের কথাও তুলে ধরেছে।