কলঙ্কিত পুলিশের চরিত্র দিয়ে কারিশমার প্রত্যাবর্তন

বলিউড অঙ্গনের অন্যতম সেরা অভিনেত্রী কারিশমা কাপুর। নব্বইয়ের দশকের আগে-পরে পুরোটা জুড়েই বলিউডে ছিল কারিশমার সদৃপ্ত পদচারণা। সাংসারিক টানাপোড়েন, প্রপাগান্ডাসহ অনেক বিষয়ে আলোচনায় থাকলেও দীর্ঘদিন ধরেই পর্দার বাইরে ‘লোলো’ খ্যাত এই অভিনেত্রী। এবার এক কলঙ্কিত পুলিশ অফিসারের চরিত্র নিয়ে কারিশমা ফিরতে চলেছেন সিনেমার ভুবনে।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও প্রধান চরিত্রে ফিরছেন বলিউড কুইন কারিশমা কাপুর। তবে বড় পর্দায় নয়, ওটিটি প্ল্যাটফর্মে। সম্প্রতি জি৫-এ মুক্তি পেয়েছে তার আসন্ন ক্রাইম-থ্রিলার সিরিজ 'ব্রাউন'-এর অফিসিয়াল ট্রেলার। 'দিল্লি বেলি' খ্যাত পরিচালক অভিনয় দেও-এর এই সিনেমাটিক প্রজেক্টটি আগামী ৫ জুন থেকে ওটিটি পর্দায় দেখা যাবে।
কারিশমার অভিনীত এই সিরিজটি কলকাতার পটভূমিতে নির্মিত হয়েছে। এতে ‘রিতা ব্রাউন’ নামের এক কলঙ্কিত ও অপরাধবোধে জর্জরিত পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে কারিশমাকে। একটি হাই-প্রোফাইল খুনের মামলার তদন্ত করতে গিয়ে রিতা ও তার জুনিয়র অর্জুন সিনহা (সূর্য শর্মা) এক অন্ধকার রহস্যের মুখোমুখি হন। মুক্তি পাওয়া ট্রেলারে কারিশমার ডি-গ্ল্যাম ও অ্যাকশন অবতার এরই মধ্যে দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলেছে। সূত্র: সিনেএক্সপ্রেস
উমেশ কুমার বনসাল প্রযোজিত এই সিরিজে কারিশমা ও সূর্য শর্মা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, সোনি রাজদান এবং কিংবদন্তি অভিনেত্রী হেলেন খান।
‘দিল্লি বেলি’, ‘২৪’ ও ‘ব্ল্যাকমেল’-এর মতো ক্রাইমধর্মী সিনেমায় দুর্দান্ত পরিচালনার স্বাক্ষর রেখেছিলেন অভিনয় দেও। তারই হাত ধরে ফিরছেন বলিউড কুইন। ২০২৪ সালে ক্রাইম-ক্যাপার ‘মার্ডার মোবারক’-এ সর্বশেষ পর্দায় দেখা গিয়েছিল তাকে। তবে সেই সিনেমায় প্রধান চরিত্রে ছিলেন বিজয় ভার্মা ও সারা আলি খান। প্রধান চরিত্রে কারিশমার এই প্রত্যাবর্তন বড় পর্দার মতোই ওটিটি দুনিয়াতেও ঝড় তুলবে বলে আশা করা হচ্ছে।
