ওটিটিতে আসছে জেনডেয়ার বিশ্বকাঁপানো ‘দ্য ড্রামা’

হলিউড সেনসেশন জেনডেয়া ও রবার্ট প্যাটিনসনের রসায়ন এবার ওটিটি প্ল্যাটফর্মে ঝড় তুলতে আসছে। ক্রিস্টোফার বোরগলি পরিচালিত আমেরিকান রোমান্টিক ব্ল্যাক কমেডি ফিল্ম ‘দ্য ড্রামা’ বিশ্বব্যাপী ঝড় তোলে। সিনেমা হলে দারুণ সাড়া জাগানোর পর এবার স্ট্রিমিংয়ে মুক্তি পাচ্ছে এই জুটির ব্ল্যাক কমেডি ঘরানার সিনেমা ‘দ্য ড্রামা’। আগামী ৩১ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম ‘এইচবিও ম্যাক্স’-এ সিনেমাটি স্ট্রিম করা যাবে। এর পরদিনই এটি প্রিমিয়ার হবে এইচবিও চ্যানেলে।
ক্রিস্টোফার বোরগলির পরিচালনা ও রচনায় এ বছরের ৩ এপ্রিল বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। গল্পে দেখা যায়, একটি প্রকাশনা সংস্থায় কর্মরত এমা হারউড (জেনডেয়া) এবং ব্রিটিশ মিউজিয়াম পরিচালক চার্লি থম্পসনের (প্যাটিনসন) সাজানো-গোছানো সুখী জীবন। কিন্তু বিয়ের ঠিক এক সপ্তাহ আগে আচমকা এক গোপন তথ্য ফাঁসের কারণে খাদের কিনারে এসে দাঁড়ায় তাদের আজীবনের সম্পর্ক। এভাবেই টানাপোড়েন ও বিশৃঙ্খলা দেখা যায় একটি সুখী সংসারে। সূত্র: হলিউড রিপোর্টার
রহস্যময় প্রচারণার কারণে মুক্তির আগেই রোমান্টিক কমেডি ড্রামাটি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছিল। প্রেক্ষাগৃহে বিশ্বব্যাপী ১৩০ মিলিয়ন ডলারের বেশি ব্যবসা করেছে এটি। সমালোচক মহলে সিনেমাটির গল্পকে চেনা উপাদানের নতুন রূপ বলা হলেও, প্যাটিনসন ও জেনডেয়ার কমিক টাইমিং আর সাবলীল অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন সবাই। আর এস্টার ও লার্স নুডসেনের প্রযোজনায় এই সিনেমায় আরও অভিনয় করেছেন মামুদৌ আথি ও আলানা হাইম।
চলতি বছরের শেষের দিকে এই দুই তারকাকে ‘দ্য ওডিসি’ এবং ‘ডিউন: পার্ট থ্রি’-তে একসঙ্গে দেখা যাবে। তার আগে ‘দ্য ড্রামা’ দিয়ে ওটিটি মাতাতে প্রস্তুত তারা।






