দেড় বছরের অপেক্ষার পর এ বছরই আসছে ‘ফেউ ২’

ওয়েব সিরিজ ‘ফেউ’-এর দ্বিতীয় সিজনের অপেক্ষায় ছিলেন দর্শকরা। ২০২৫ সালের জানুয়ারিতে প্রথম সিজন মুক্তির সময়ই জানানো হয়েছিল, আসবে পরের কিস্তি। এমনকি দুই সিজনের শুটিংও হয়েছিল একসঙ্গে। তারপরও নানা কারণে দীর্ঘ হয়েছে অপেক্ষা। অবশেষে জানা গেল, ২০২৬ সালেই মুক্তি পেতে যাচ্ছে সিরিজটির দ্বিতীয় সিজন।
ওটিটি প্ল্যাটফর্ম সূত্রে জানা গেছে, ‘ফেউ ২’ মুক্তির বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, সিরিজটি দেখতে দর্শকদের আর বেশিদিন অপেক্ষা করতে হবে না।
দ্বিতীয় সিজন নিয়ে দর্শকদের জন্য রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ খবর। চরকি কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, এবারের কিস্তিতেই গল্পের সমাপ্তি ঘটবে। অর্থাৎ, প্রথম সিজনে যেসব প্রশ্নের উত্তর অধরা ছিল, সেগুলোর পরিণতি জানার সুযোগ পাবেন দর্শকরা। তবে দর্শকের সাড়া কেমন হয়, তার ওপর নির্ভর করে ভবিষ্যতে সিরিজটির আরও সিজন তৈরির সম্ভাবনাও রয়েছে।
১৯৭৯ সালের মরিচঝাঁপি হত্যাকাণ্ডের ছায়া অবলম্বনে ‘ফেউ’ নির্মাণ করেছেন সুকর্ণ সাহেদ ধীমান। সিরিজের প্রথম সিজনে উঠে এসেছে দেশভাগ ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট পেরিয়ে ডুমুরঝাঁপিতে আশ্রয় নেওয়া হিন্দু শরণার্থীদের ওপর নির্যাতন, উচ্ছেদ ও হত্যাকাণ্ডের চিত্র।
সেই ভয়াবহ ঘটনার সত্য সংবাদমাধ্যমে তুলে ধরতে গিয়ে নিখোঁজ হন রেভারেন্ড ফটোগ্রাফার সুনীল। প্রায় দুই যুগ পর বাবার তোলা কিছু ছবির খোঁজ করতে গিয়ে ড্যানিয়েল জানতে পারে, সুনীলের মৃত্যুর বিষয়ে এত দিন ধরে প্রচলিত ধারণার আড়ালে রয়েছে অন্য এক রহস্য। বাবার প্রকৃত পরিণতি জানতে ড্যানিয়েলের অনুসন্ধানকে কেন্দ্র করেই এগিয়েছে প্রথম সিজনের গল্প।
২০২৫ সালের ৩০ জানুয়ারি চরকিতে মুক্তি পেয়েছিল ‘ফেউ’-এর প্রথম সিজন। সে সময় জানানো হয়েছিল, দুই সিজনের শুটিং একটানা সম্পন্ন হয়েছে। প্রথম সিজন প্রকাশের কয়েক মাসের মধ্যেই দ্বিতীয় সিজন মুক্তি দেওয়ার পরিকল্পনাও ছিল। কিন্তু সেই পরিকল্পনা অনুযায়ী পরের কিস্তি প্রকাশিত হয়নি। ফলে দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকতে হয়েছে দর্শকদের।
সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, মোস্তাফিজুর নূর ইমরান, তাহমিনা অথৈ, তানভীর অপূর্ব, হোসেন জীবন, রিজভি রিজু ও এ কে আজাদ সেতুসহ অনেকে।
দ্বিতীয় সিজনে ড্যানিয়েলের অনুসন্ধান কোন পরিণতির দিকে যায়, সুনীলের নিখোঁজ হওয়ার পেছনের রহস্যের সমাধান কীভাবে হয়-এখন সেদিকেই নজর দর্শকদের। এ বছর মুক্তির খবর আসায় সেই অপেক্ষাও শেষ হওয়ার পথে।