নেটফ্লিক্সে আসছে পাকিস্তানের সিরিজ, ভারতে মুক্তি নিয়ে অনিশ্চয়তা

পাকিস্তানের জনপ্রিয় অভিনয়শিল্পীদের নিয়ে নির্মিত ওয়েব সিরিজ ‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’ মুক্তি পেতে যাচ্ছে নেটফ্লিক্সে। আগামী ৪ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তির কথা রয়েছে সিরিজটির। এতে একসঙ্গে দেখা যাবে ফাওয়াদ খান, মাহিরা খান, সনম সাঈদ, আহাদ রাজা মীর, ইকরা আজিজ, হানিয়া আমির ও হামজা আলী আব্বাসীর মতো তারকাদের।
ফরহাত ইশতিয়াকের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিরিজটি। পরিচালনা ও প্রযোজনার দায়িত্বে রয়েছেন মোমিনা দুরেইদ। পাকিস্তানের টেলিভিশন ও চলচ্চিত্রের পরিচিত মুখদের একসঙ্গে পাওয়ায় মুক্তির আগেই দর্শকের আগ্রহ তৈরি হয়েছে সিরিজটি ঘিরে।
সম্প্রতি সিরিজটির প্রথম ঝলক ও পোস্টার প্রকাশ করে মুক্তির তারিখ জানিয়েছে নেটফ্লিক্স। প্রচারণায় বলা হয়েছে, তিন প্রজন্মের ছয়টি প্রেমের গল্প উঠে আসবে এতে। পোস্টারের সঙ্গে দেওয়া বার্তায় প্রশ্ন রাখা হয়েছে, ‘আমাদের হৃদয়ে যে ভালোবাসা জমা থাকে, তা কি যথেষ্ট?’ সিরিজটির ট্যাগলাইন ‘অল দ্য লাভ আওয়ার হার্টস ক্যারি’।
সিরিজের গল্পের কেন্দ্রে রয়েছেন হার্ভার্ডের আইনের শিক্ষার্থী সিকান্দার শেখরিয়া। অতীতের এক মানসিক আঘাত তাকে সম্পর্ক ও আবেগ থেকে দূরে সরিয়ে রেখেছে। অন্যদিকে, লিজা একজন প্রতিভাবান শিল্পী। নিজের অতীতের নানা জটিলতা নিয়েই তার জীবন। ইতালিতে দুজনের পরিচয় থেকে শুরু হয় নতুন এক অধ্যায়। প্রেম, বিচ্ছেদ, পারিবারিক দ্বন্দ্ব এবং অতীতের ক্ষত কাটিয়ে ওঠার চেষ্টায় এগিয়ে যায় গল্প।
ফাওয়াদ খান ও মাহিরা খানকে আবার একসঙ্গে দেখার বিষয়টিও সিরিজটির অন্যতম আকর্ষণ। এর আগে জনপ্রিয় পাকিস্তানি ধারাবাহিক ‘হামসফর’-এ জুটি বেঁধে দর্শকের প্রশংসা পেয়েছিলেন তারা। পরে ‘দ্য লেজেন্ড অব মৌলা জাট’ সিনেমাতেও একসঙ্গে অভিনয় করেন। অন্যদিকে, ‘জিন্দেগি গুলজার হ্যায়’ ও ‘বরজখ’ সিরিজে ফাওয়াদের সহশিল্পী ছিলেন সনম সাঈদ।
বলিউডেও কাজের অভিজ্ঞতা রয়েছে ফাওয়াদের। ‘খুবসুরত’, ‘কাপুর অ্যান্ড সন্স’ ও ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় অভিনয় করে ভারতীয় দর্শকের কাছেও পরিচিতি পান তিনি। মাহিরা খানকে শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ সিনেমায় দেখা গিয়েছিল।
তবে সিরিজটির মুক্তি ঘিরে ভারতের দর্শকদের জন্য তৈরি হয়েছে অনিশ্চয়তা। ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রক ভারতে কার্যক্রম পরিচালনাকারী ওটিটি প্ল্যাটফর্ম ও স্ট্রিমিং পরিষেবাগুলোকে পাকিস্তানে নির্মিত বিভিন্ন ধরনের কনটেন্ট সম্প্রচার বন্ধের পরামর্শ দিয়েছিল। এর মধ্যে ওয়েব সিরিজ, সিনেমা, গান ও পডকাস্টও ছিল।
২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের সম্পর্কে উত্তেজনা বাড়ে। এরই ধারাবাহিকতায় ৮ মে ওই পরামর্শ জারি করা হয়। ফলে পাকিস্তানে নির্মিত নতুন এই সিরিজটি ভারতের নেটফ্লিক্স দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
এদিকে, সিরিজটির ভারতীয় মুক্তি ঠেকাতে দেশটির অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানিয়েছে। ২৪ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। তবে নেটফ্লিক্সের পক্ষ থেকে ভারতের বাজারে সিরিজটির প্রাপ্যতা নিয়ে এখনও স্পষ্ট ঘোষণা আসেনি।
সব মিলিয়ে ৪ ডিসেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তির অপেক্ষায় থাকা ‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’ ঘিরে দর্শকের আগ্রহের পাশাপাশি ভারতীয় বাজারে এর সম্প্রচার নিয়েও তৈরি হয়েছে আলোচনা।
তথ্যসূত্র: এনডিটিভি
