logo

সৌরভের বদলে ‘দাদাগিরি’ করলেন দেব

সৌরভের বদলে ‘দাদাগিরি’ করলেন দেব
সৌরভ গাঙ্গুলীর বদলে ‘দাদাগিরি’ সঞ্চালনা করবেন মেগাস্টার দেব। ছবি: সংগৃহীত

ভারতীয় বাংলা ভাষার জনপ্রিয় রিয়েলিটি ও কুইজ শো ‘দাদাগিরি’ শুরু হয়েছিল বেশ আগেই। এটির উপস্থাপনার দায়িত্বে ছিলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ব্যাট হাতে মাঠের মতো ক্যামেরার সামনেও দীর্ঘদিন সফলতার সঙ্গেই দায়িত্ব পালন করেন তিনি।

জি বাংলার আগ্রহ থাকা সত্ত্বেও এ রিয়েলিটি শোর সঙ্গে সৌরভ গাঙ্গুলী নতুন করে চুক্তিবদ্ধ হননি। এতেই বোঝা যায়, তিনি আর থাকছেন না এই শোতে। তখন থেকেই গুঞ্জন চলছিল, কে আসবেন নতুন করে ‘দাদাগিরি’ দেখাতে।

কখনও টেনিস তারকা লিয়েন্ডার পেজ, আবার কখনও অভিনেতা দেবের নাম এসেছিল। অবশেষে সব জল্পনা শেষে টালিপাড়ার ‘মেগাস্টার’ দেবের ওপরই দায়িত্ব বর্তালো ‘দাদাগিরি’র। অর্থাৎ জি বাংলার এই কুইজ শোর সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে তাকে।‌

ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর, এরই মধ্যে প্রোমো শুটিং সেরে ফেলেছেন অভিনেতা। আর কিছুদিনের মধ্যেই চ্যানেলের পক্ষ থেকে প্রকাশ্যে আসবে সেই প্রোমো। প্রতিবারের মতোই জেলায় জেলায় অডিশন চলবে ‘দাদাগিরি’র। প্রতিযোগিতায় মাঝেমধ্যে দেখা যাবে বিশেষ অতিথি শিল্পীদেরও।

এর আগে সৌরভের উপস্থাপনায় দেবকে কয়েকবার ‘দাদাগিরি’র মঞ্চে দেখা গিয়েছিল। টালিপাড়ার তারকা জি বাংলার রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর বিশেষ সঞ্চালক এবং বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। এবার তার কাঁধে এলো ‘দাদাগিরি’ সমালানোর নতুন দায়িত্ব।

শোনা যায়, ‘দাদাগিরি’র মঞ্চে ছেড়ে সৌরভ গাঙ্গুলী ‘বিগ বস’-এর সঞ্চালকের ভূমিকায় যোগ দিয়েছেন। শিগগির স্টার জলসায় ‘বিগ বস বাংলা’র নতুন সিজন আসছে। ‘বিগ বস’-এর ঘরে এই সিজনে কাদের দেখা যাবে, তা এখন পর্যন্ত জানা না যায়নি। তবে সৌরভ কীভাবে ‘বিগ বস’-এর ঘর সমালবেন—সেটাই এখন দেখার অপেক্ষায় দর্শকরা।