কান্না ধরে রাখতে পারলেন না মিম

ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে সম্প্রতি মুক্তি পেয়েছে নতুন অরিজিনাল ফিল্ম ‘লাইফলাইন’। গত ২১ জুন সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের মাঝে সাড়া ফেলেছে। বিশেষ করে ফিল্মটির গল্প এবং শিল্পীদের অভিনয় দর্শকদের গভীরভাবে স্পর্শ করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটি নিয়ে ইতিবাচক রিভিউ দিচ্ছেন সাধারণ দর্শকরা। সুলতান খান নামের এক দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আ খ ম হাসান অসাধারণ অ্যাকটিং’। সাবিনা ইয়াসমিন নামের আরেক দর্শক ছবির সচেতনতামূলক দিকটির প্রশংসা করে লিখেছেন, ‘অনেক সুন্দর একটি গল্প। সিনেমা হলে মুক্তি দিলে মানুষ অনেক সচেতন হতো। সবার দেখা উচিত।’
সম্প্রতি রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটোরিয়ামে ‘লাইফলাইন’ সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সিনেমার কলাকুশলী, সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটররা উপস্থিত ছিলেন। প্রদর্শনী শুরুর আগে ফিল্মটির সম্পাদক ময়ূখ বারী–এর বাবার প্রয়াণে ১ মিনিট নিরবতা পালন করে শ্রদ্ধা জানানো হয়।
প্রদর্শনী শেষে সিনেমাটি নিয়ে নিজের অনুভূতি ও অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বিদ্যা সিনহা মিম কান্না ধরে রাখতে পারেননি। ফিল্মটিতে বাবা–মেয়ের চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা খায়রুল আলম সবুজ এবং বিদ্যা সিনহা মিম। প্রতিক্রিয়া জানাতে গিয়ে খায়রুল আলম সবুজের গলাও মমতায় ও আবেগে ভারী হয়ে আসে।
মিম ও রেজওয়ান পারভেজের অভিনয় দর্শকদের মুগ্ধ করলেও, বিশেষভাবে নজর কেড়েছে অভিনেতা আ খ ম হাসানের চরিত্রটি। তার সমসাময়িক অনেক অভিনেতা ওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত কাজ করলেও তাকে কেন এতদিন দেখা যায়নি—এমন প্রশ্নের জবাবে অভিনেতা স্বভাবসুলভ নম্রতার সাথে বলেন, ‘এটা পরিচালকরা ভালো বলতে পারবেন। আমি অভিনেতা, যেখানে কাজ করার সুযোগ পাই সেখানেই কাজ করি।’ নিজের চরিত্রটি ফুটিয়ে তোলার পেছনে পুরো টিমের অবদানের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘পর্দায় আমার চরিত্র দেখে ওই চরিত্রকেই মনে হয়েছে, মনে হয়নি আ খ ম হাসান অভিনয় করছেন। এটা পরিচালক এবং ইউনিটের সাফল্য।’
ফিল্মের ‘আমারে নাও’ গানটিও পছন্দ করেছেন দর্শকরা–শ্রোতারা। নির্মাতা কাজী আসাদের কথায় জাহিদ নিরবেন সুর ও সংগীত পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন ফাতিমা তুয যাহরা ঐশী। স্ক্রিনিং শেষে খালি গলায় গানটি গেয়ে শোনান তিনি। বলেন, ‘গানটি তৈরি হওয়ার প্রথম থেকে এর সঙ্গে ছিলাম আমি। গল্পটা একটু জানতাম, পরিস্থিতিটা জানা ছিল, কথা, সুর হওয়ার সময় সঙ্গে ছিলাম। সব মিলিয়ে গানটার সঙ্গে অ্যাটাচমেন্টটাও ছিল দারুণ। তাই হয়তো শ্রোতারাও গানটা পছন্দ করেছেন।’
গল্প নিয়ে নির্মাতা কাজী আসাদ জানান, ভালোবাসার টানে মানুষ কত দূর যায়? আর কত কিছু হারানোর ঝুঁকি নিতে পারে? শহুরে মেয়ে অনন্যার দুর্গম যাত্রা কেন এবং এর শেষ কোথায়? এসব উত্তরের মধ্যে দিয়ে গভির কিছু অনুভূতির কথা বলার চেষ্টা করা হয়েছে। এতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মীম, রেজওয়ান পারভেজ, গাজী রাকায়েত, আ খ ম হাসান, খায়রুল আলম সবুজ, নাজনীন হাসান চুমকি, আনিসা নূর আয়াত, ফাতেমাতুজ জোহরা ইভা।





