আলী রাজাকে শত্রু ভাবতেন কিনজা হাশমি

ছোট পর্দার বড় অভিনেত্রী কিনজা হাশমি ও অভিনেতা আলী রাজার মধ্যকার দ্বন্দ্ব নিয়ে চর্চা ছিল পাকিস্তানি বিনোদন অঙ্গনে। সেই কিনজা হাশমির সঙ্গে এখন আলী রাজার গভীর বন্ধুত্ব এখন চর্চিত বিষয়।
পাকিস্তানি অভিনেত্রী সম্প্রতি প্রকাশ করেন, একটি নাটকে একসঙ্গে কাজ করার আগে তিনি ও অভিনেতা আলী রাজা একে অপরের শত্রু ছিলেন এবং তাদের মধ্যে বনিবনা ছিল না। একটি বিজ্ঞাপনের শুটিংয়ে সামান্য বিষয়ে রেষারেষি এবং পরে গুজব ও ভুল বোঝাবুঝির কারণে তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছিল।
পরে ‘লিডার’ ধারাবাহিকে কাজ করার সময় খোলামেলা আলোচনার মাধ্যমে তাদের এই দ্বন্দ্ব দূর হয়। এরপর তারা ভালো বন্ধু হয়ে ওঠেন। বর্তমানে তাদের মধ্যে ইতিবাচক পেশাদার সম্পর্ক এবং চমৎকার অন-স্ক্রিন কেমিস্ট্রি লক্ষ্য করা যায়। সূত্র: রিভিউইট
সম্প্রতি একটি ম্যাগাজিন সাক্ষাৎকারে উভয় অভিনেতা তাদের নতুন নাটক এবং কীভাবে তাদের সম্পর্ক গড়ে উঠেছে সে সম্পর্কে কথা বলেছেন। কিনজা জানান, একটি বিজ্ঞাপনের শুটিংয়ের সময় তারা একই মেকআপ রুম ব্যবহার করতেন। এ সময় কিনজা ছোট স্পিকারে গান শুনছিলেন, এমন সময় আলী একটি বড় স্পিকার নিয়ে বিরক্ত করে। শুরু হয় দ্বন্দ্ব।
মূলত টিভি বিজ্ঞাপন দিয়েই কিনজা হাশমির উত্থান। এর পর সাবলীল অভিনয়ের মাধ্যমে আলোকিত করেন বিনোদন ভুবন। ২০১৪ সালে ‘আধুরা মিলন’ সিরিয়ালের মাধ্যমে আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করেন এই পাকিস্তানি অভিনেত্রী।
কিনজার সঙ্গে বিরোধের বিষয়ে আলী রাজার ব্যাখ্যা, প্রযোজনা দলের দেওয়া পরস্পরবিরোধী তথ্যের কারণেই তাদের মধ্যে প্রাথমিক ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। পরে বিমানবন্দরে তাদের দেখা হলে ভুল বোঝাবুঝি দূর হয়।
কিনজা ও আলী দুজনই স্বীকার করেন, উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা দিয়ে শুরু হয়েছিল, পরবর্তী সময়ে সেই প্রতিদ্বন্দ্বিতা পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যে পরিণত হয়।

