বিশ্বকাপের চেনা ধারার বাইরে রহস্য-রোমাঞ্চে ‘ফুটবল হট্টগোল’

চার বছর পরপর ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয় উৎসবের আবহ, যার উন্মাদনা সমানভাবে ছড়িয়ে পড়ে বাংলাদেশেও। প্রিয় দল আর্জেন্টিনা ও ব্রাজিলকে ঘিরে দর্শকদের আবেগ, তর্ক আর উদযাপনকে কেন্দ্র করে প্রতি বিশ্বকাপেই নির্মিত হয় নানা বিশেষ নাটক। তবে অধিকাংশ নাটকেই দেখা যায় হাস্যরস আর দুই দলের চিরচেনা প্রতিদ্বন্দ্বিতার গল্প।
সেই পরিচিত ধারা থেকে বেরিয়ে সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘ফুটবল হট্টগোল’। ফুটবলকে ঘিরে একের পর এক রহস্যময় ও অপ্রত্যাশিত ঘটনার আবর্তে এগিয়ে যায় নাটকের কাহিনি, যা শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের ধরে রাখবে টানটান উত্তেজনায়।
ডা. রাইয়াতুন তেহরীনের গল্প, শফিকুর রহমান শান্তনুর চিত্রনাট্যে এবং ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এর প্রযোজনায় টেলিফিল্মটি নির্মাণ করেছেন খ্যাতিমান নির্মাতা দীপু হাজরা। রোববার (১২ জুলাই) বঙ্গে মুক্তি পেয়েছে ‘ফুটবল হট্টগোল’।
নাটকের কেন্দ্রীয় চরিত্র আয়ান চৌধুরীতে অভিনয় করেছেন শ্যামল মাওলা। তিনি একজন সংগ্রামী ইনফ্লুয়েন্সার, যিনি ভাইরাল হওয়ার আশায় ফুটবল ম্যাচ নিয়ে একের পর এক ভবিষ্যদ্বাণী করতে থাকেন। কিন্তু বিস্ময়করভাবে তার প্রতিটি ভবিষ্যদ্বাণী হুবহু মিলে যেতে শুরু করে। আর সেই ঘটনাই তাকে ঠেলে দেয় এক রহস্যময় ও বিপজ্জনক পরিস্থিতির মুখে, যেখানে ঘটতে থাকে একের পর এক অপ্রত্যাশিত ঘটনা।
শ্যামল মাওলার বিপরীতে ক্রীড়া সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন নিশাত প্রিয়ম। আয়ানকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন করতে গিয়ে তিনিও জড়িয়ে পড়েন সেই রহস্যের জালে। নাটকের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন ডলি জহুর, আজম খান, মাহমুদুল ইসলাম মিঠু ও জয়নাল জ্যাক।
গল্পকার ডা. রাইয়াতুন তেহরীন বরাবরই ব্যতিক্রমী বিষয় ও ভিন্নধর্মী গল্প নির্মাণের জন্য পরিচিত। তার লেখনীতে জীবনের সাধারণ ঘটনাও নতুন দৃষ্টিভঙ্গিতে উঠে আসে, যা দর্শকের মনে আলাদা ছাপ ফেলে।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা দীপু হাজরা বলেন, ‘বিশ্বকাপ উপলক্ষে নির্মিত নাটকগুলোতে সাধারণত কমেডির প্রাধান্য দেখা যায়। কিন্তু ফুটবল শুধু আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থন বা হাস্যরসের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই খেলাকে ঘিরে সমাজে নানা মনস্তাত্ত্বিক ও রহস্যময় ঘটনাও ঘটতে পারে। সেই ভাবনা থেকেই আমরা চেনা বৃত্তের বাইরে গিয়ে একটি ভিন্নধর্মী গল্প বলার চেষ্টা করেছি। আশা করি দর্শক নতুন ধরনের এই অভিজ্ঞতা উপভোগ করবেন।’





