রূপকথার ‘প্রাণভোমরা’ এবার আইস্ক্রিনে

প্রাচীন বাংলার রূপকথা ও মিথকে আধুনিক ভালোবাসা, আবেগ ও রহস্যের সঙ্গে মিলিয়ে নির্মিত হচ্ছে নতুন ওয়েব সিরিজ 'প্রাণভোমরা। জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় নির্মিত এই সিরিজটি আসছে আইস্ক্রিন অরজিনাল সিরিয়াল হিসেবে।
এর আগে আইস্ক্রিনের ‘চক্র’ ও ‘চক্র ২’ ওয়েব সিরিজ নির্মাণ করে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ও সাফল্য অর্জন করেন নির্মাতা ভিকি জাহেদ। সেই ধারাবাহিকতায় এবার তিনি নির্মাণ করতে যাচ্ছেন সম্পূর্ণ ভিন্ন আবহ ও গল্পের 'প্রাণভোমরা'। রূপকথার পরিচিত একটি মিথকে আধুনিক সময়ের ভালোবাসা, সম্পর্ক, আবেগ ও মনস্তাত্ত্বিক রহস্যের সঙ্গে যুক্ত করে সিরিজটির গল্প নির্মাণ করা হয়েছে।
সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ফরিদুর রেজা সাগর, জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ, অভিনেতা তৌসিফ মাহবুব এবং অভিনেত্রী শ্রেয়সী শ্রেয়া।
প্রাচীন বাংলার রূপকথায় রাক্ষস-খোক্কসের প্রাণ যেমন কোনো এক রহস্যময় ভোমরার মধ্যে লুকিয়ে থাকত, তেমনি 'প্রাণভোমরা'য় সেই চিরায়ত মিথকে নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে। সিরিজটির গল্প আবর্তিত হয়েছে এক অদৃশ্য টান, গভীর ভালোবাসা এবং অদ্ভুত এক অনুভূতিকে ঘিরে।
মানুষের শরীর হয়তো একসময় হারিয়ে যায়, কিন্তু তার ভেতরের অনুভূতি, আবেগ কিংবা ভালোবাসা কি সত্যিই কখনো মরে যায়? সেই অনুভূতির টানে কি অতীত আবারও ফিরে আসতে পারে? এমনই কিছু প্রশ্নের উত্তর খুঁজতে দর্শকদের নিয়ে এগিয়ে যাবে সিরিজটির গল্প।
নির্মাণসংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, ছোটবেলায় ঠাকুরমার ঝুলিতে শোনা 'প্রাণভোমরা'র গল্পকে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে এই সিরিজে। এখানে সত্যিকারের ভালোবাসাকে একটি প্রাণভোমরার সঙ্গে তুলনা করা হয়েছে। সেই ভালোবাসা কোথায় লুকিয়ে আছে, কেন তাকে খুঁজে বের করতে হবে এবং ভালোবাসাকে ধ্বংস করার প্রয়োজনই বা কেন গল্পের নানা বাঁকে ধীরে ধীরে উন্মোচিত হবে সেই রহস্য।
'প্রাণভোমরা' একটি রোম্যান্টিক মিথোলজিক্যাল থ্রিলার। সিরিজটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন তৌসিফ মাহবুব ও শ্রেয়সী শ্রেয়া। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন ইন্তেখাব দিনার সহ জনপ্রিয় বেশ কয়েকজন অভিনয়শিল্পী।
সিরিজটির শুটিং আগামী অক্টোবর মাসে শুরু হওয়ার কথা রয়েছে। শুটিং শেষ হওয়ার পর খুব শিগগিরই আইস্ক্রিন ওটিটি প্ল্যাটফর্মে 'প্রাণভোমরা' মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পরিচালক ও প্রযোজনা-সংশ্লিষ্টরা।
রূপকথার পরিচিত মিথ, আধুনিক ভালোবাসা, রহস্য ও থ্রিল-সবকিছুর সমন্বয়ে ‘প্রাণভোমরা’ আইস্ক্রিন-এর দর্শকদের জন্য নতুন এক গল্পের অভিজ্ঞতা নিয়ে আসতে যাচ্ছে।