logo

‘রামায়ণ’-এর ওটিটি মুক্তি নিয়ে যা জানালেন প্রযোজক

ইন্ডিয়া টুডে
ইন্ডিয়া টুডে
‘রামায়ণ’-এর ওটিটি মুক্তি নিয়ে যা জানালেন প্রযোজক
‘রামায়ণ’ এর পোস্টার। ছবি: ইজি ওয়াল্ড

প্রেক্ষাগৃহে সিনেমা দেখার বদলে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির অপেক্ষা করেন অনেক দর্শক। বিশেষ করে বড় বাজেটের ছবির ক্ষেত্রে এমন প্রবণতা বেশ পরিচিত। রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ নিয়েও একই অপেক্ষায় রয়েছেন একদল দর্শক। তাদের ধারণা, প্রেক্ষাগৃহে মুক্তির কিছুদিন পরই ঘরে বসে অনলাইনে ছবিটি দেখার সুযোগ মিলবে। তবে সেই অপেক্ষা দীর্ঘ হতে পারে। ছবিটির প্রযোজক নমিত মালহোত্রা জানিয়েছেন, এখনই ওটিটিতে মুক্তির কোনো পরিকল্পনা নেই তাদের।

সম্প্রতি ডিডি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ছবিটির ডিজিটাল মুক্তি নিয়ে কথা বলেন নমিত। সাক্ষাৎকারে সাংবাদিক সুধীর চৌধুরী তাকে প্রশ্ন করেন, অনেক দর্শকই প্রেক্ষাগৃহে না গিয়ে ওটিটিতে বিনা মূল্যে ছবিটি দেখার অপেক্ষা করছেন। তাদের জন্য ছবিটি অনলাইনে কবে মুক্তি পাবে?

Advertisement

জবাবে নমিত জানান, ‘রামায়ণ’-এর ক্ষেত্রে প্রচলিত মুক্তির সময়সূচি অনুসরণ করতে চাইছেন না তারা। ছবিটির ওটিটি মুক্তি নিয়ে আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তি হয়নি। এমনকি ডিজিটাল স্বত্বও কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেননি তারা।

প্রযোজকের ভাষ্য, শুরু থেকেই তার ইচ্ছা ছিল দর্শক বড় পর্দায় ছবিটি উপভোগ করবেন। বিশেষ করে ছবির সংগীত ও দৃশ্যের ব্যাপ্তি প্রেক্ষাগৃহে দেখার মতো করেই তৈরি করা হয়েছে। তাই ছোট পর্দায় মুক্তির আগে দর্শকদের বড় পর্দায় ছবিটি দেখার সুযোগ দিতে চান তিনি।

নমিত আরও জানান, শেষ পর্যন্ত ছবিটি ওটিটিতে মুক্তি পাবে। তবে সে জন্য দর্শকদের আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে। আপাতত ডিজিটাল মাধ্যমে মুক্তি নিয়ে কোনো তাড়াহুড়ো নেই নির্মাতাদের। এমনকি শিগগিরই কোনো ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তি করার পরিকল্পনাও তাদের নেই।

এর আগে ‘রামায়ণ’-এর ডিজিটাল স্বত্ব বিক্রি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। তবে নমিতের সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট হয়েছে, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চুক্তি চূড়ান্ত হয়নি। ফলে ছবিটি কোন প্ল্যাটফর্মে এবং ঠিক কবে মুক্তি পাবে, তা এখনও অনিশ্চিত। ওটিটিতে মুক্তির পর দর্শক বিনামূল্যে ছবিটি দেখতে পারবেন কি না, সে বিষয়েও কোনো ঘোষণা আসেনি।

নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এ রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। এ ছাড়া ছবিতে রয়েছেন সাই পল্লবী ও যশসহ আরও অনেকে। ছবিটির পরবর্তী কিস্তি ২০২৮ সালের দীপাবলিতে মুক্তির পরিকল্পনার কথাও জানিয়েছেন প্রযোজক।

সূত্র: ইন্ডিয়া টুডে