‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’-এ মিথিলার জায়গায় প্রভা

দেশের ওটিটি অঙ্গনে জনপ্রিয় চরিত্রগুলোর তালিকায় বেশ ওপরের দিকেই রয়েছে ‘অ্যালেন স্বপন’। ২০২২ সালে ‘সিন্ডিকেট’ সিরিজের মাধ্যমে চরিত্রটির সঙ্গে দর্শকের পরিচয়। এরপর অ্যালেন স্বপনকে কেন্দ্র করেই নির্মাতা শিহাব শাহীন তৈরি করেন আলাদা সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। প্রথম সিজন থেকেই দর্শকের কাছ থেকে দারুণ সাড়া পায় এটি। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় গত বছর মুক্তি পায় দ্বিতীয় সিজন।
এবার আসছে সিরিজটির তৃতীয় অধ্যায়। এরই মধ্যে শুরু হয়েছে শুটিং। আগের মতোই অ্যালেন স্বপন চরিত্রে অভিনয় করছেন নাসির উদ্দিন খান। তবে নতুন সিজনে থাকছে একটি পরিবর্তন। আগের দুই সিজনে শায়লা চরিত্রে অভিনয় করা রাফিয়াত রশিদ মিথিলাকে দেখা যাবে না। তার পরিবর্তে সিরিজটিতে যুক্ত হয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
বিষয়টি নিয়ে নির্মাতা শিহাব শাহীনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘চুক্তিগত বাধ্যবাধকতার কারণে চরকির কোনো নিউজ কনফার্ম করা আমার পক্ষে সম্ভব নয়। তাদের নিজস্ব পিআর সিস্টেম রয়েছে। সেখান থেকেই জানানো হবে।’ পরে চরকির একটি বিশ্বস্ত সূত্র প্রভার যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে মিথিলার সরে দাঁড়ানোর পেছনে রয়েছে তার বর্তমান ব্যস্ততা। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখানে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা বিজ্ঞানী হিসেবে যোগ দেওয়ার পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতাও শুরু করেছেন তিনি। ফলে দেশে এসে সিরিজটির শুটিংয়ে অংশ নেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না।
অন্যদিকে প্রভা চলতি মাসের শেষ দিকে শুটিংয়ে অংশ নেবেন বলে জানা গেছে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সিরিজটির শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে নির্মাতার। নাসির উদ্দিন খান ও প্রভা ছাড়াও এতে অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, জয়রাজ ও ফারজানা ছবিসহ আরও কয়েকজন।
সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে চরকিতে মুক্তি পাবে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজন।
