logo

আইস্ক্রিনে লাক্স প্রেজেন্টস ‘ক্যাফে আমব্রেলা’

আইস্ক্রিনে লাক্স প্রেজেন্টস ‘ক্যাফে আমব্রেলা’
ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’ নিয়ে কথা বলছেন নির্মাতা শিহাব শাহীন। ছবি: আয়োজকদের সৌজন্যে

নির্মাতা শিহাব শাহীন রচিত ও পরিচালিত ‘লাক্স প্রেজেন্টস ক্যাফে আমব্রেলা’ ওয়েব ফিল্ম ২৯ অক্টোবর থেকে দেখা যাচ্ছে চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। চার জুটির প্রেম, মান-অভিমান ও সম্পর্কের নানা সমীকরণ নিয়ে এটি নির্মিত।

ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এবং লাক্সের আয়োজনে নির্মিত ‘ক্যাফে আমব্রেলা’য় উঠে এসেছে চার জুটির চার রকম ভালোবাসার গল্প। প্রেমের মিষ্টি মুহূর্তের পাশাপাশি সম্পর্কের টানাপোড়েন, মান-অভিমান, ভুল-বোঝাবুঝি ও মানুষের আবেগের নানা দিক ফুটে উঠবে ভিন্ন ভিন্ন গল্পের মধ্য দিয়ে। আলাদা গল্পগুলো একপর্যায়ে যুক্ত হবে একটি অভিন্ন বয়ানে।

ওয়েব ফিল্মটির অন্যতম আকর্ষণ ‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর সেরা তিন প্রতিযোগী বিদুষী বর্ণিতা, নাযাহ নাওয়ার ও আমিনা ইসলামের অভিনয়ে অভিষেক। বিদুষী বর্ণিতার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, নাযাহ নাওয়ারের সঙ্গে রয়েছেন পার্থ শেখ এবং আমিনা ইসলামের বিপরীতে দেখা যাবে আরেফিন জিলানিকে। অন্য একটি জুটিতে অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল ও সানজিদা তাসনিম। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সাবেরী আলম ও শিরিন আলমসহ আরও অনেকে।

নতুন অভিনয়শিল্পীদের প্রস্তুত করতে শুটিংয়ের আগে বিশেষ অভিনয় কর্মশালার আয়োজন করেন নির্মাতা শিহাব শাহীন। নতুনদের সঙ্গে অভিজ্ঞ অভিনয়শিল্পীদের সমন্বয়ে তৈরি এই আয়োজন দর্শকদের সামনে সম্পর্ক ও ভালোবাসার পরিচিত অনুভূতিগুলোকে তুলে ধরবে নতুন আঙ্গিকে।

‘ক্যাফে আমব্রেলা’ প্রসঙ্গে নির্মাতা শিহাব শাহীন জানিয়েছেন, বহু চরিত্রের সমান্তরাল গল্পে নির্মিত এই ওয়েব ফিল্মে মানুষের আবেগ, ভালোবাসা ও সম্পর্কের নানা দিক গুরুত্ব পেয়েছে। গল্পের ভিন্নতা এবং অভিনয়শিল্পীদের পারস্পরিক রসায়ন দর্শকদের জন্য ভিন্ন অভিজ্ঞতা তৈরি করবে বলে তার প্রত্যাশা।

নতুন তিন অভিনয়শিল্পীর অভিষেক, চার জুটির গল্প এবং শিহাব শাহীনের নির্মাণশৈলী—সব মিলিয়ে ‘লাক্স প্রেজেন্টস ক্যাফে আমব্রেলা’ নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।