সিনেমার পর নতুন লুকে ওটিটিতে ফিরছেন তাসনিয়া ফারিণ

সিনেমার ব্যস্ততা পেরিয়ে আবারও ওটিটিতে ফিরছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছোট পর্দা ও ওটিটি- দুই মাধ্যমেই নিজের অভিনয়ের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন তিনি। তবে গত কিছু সময় সিনেমায় বেশি ব্যস্ত থাকায় ওয়েব কনটেন্টে তাকে দেখা গেছে তুলনামূলক কম। এবার নির্মাতা ইমরাউল রাফাতের নতুন ওয়েব সিরিজ ‘ডাকাতিয়া বাঁশি’ দিয়ে সেই বিরতি কাটছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সিরিজটির ফার্স্টলুক প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। প্রকাশিত ছবিতে ফারিণকে দেখা গেছে বিয়ের সাজে, হাতে পিস্তল। অন্য একটি ছবিতে তার পেছনে কালো পোশাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ইশতিয়াক আহমেদ রুমেল, আরফান মৃধা শিবলু ও পার্থ শেখকে। ফার্স্টলুকের এই অদ্ভুত সাজসজ্জা ও চরিত্রগুলোর উপস্থিতি এরই মধ্যে গল্পের রহস্য নিয়ে কৌতূহল তৈরি করেছে।
‘ডাকাতিয়া বাঁশি’র চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা। সিরিজটি নির্মিত হচ্ছে ডার্ক কমেডি ঘরানায়। ফলে ওটিটিতে পরিচিত থ্রিলার কিংবা মার্ডার মিস্ট্রির বাইরে গিয়ে এবার ভিন্ন স্বাদের গল্পে দেখা যাবে ফারিণকে।
সিরিজে নিজের চরিত্র নিয়ে অভিনেত্রী বলেন, ‘এই সিরিজে আমার চরিত্রের নাম ক্যামেলিয়া। নামের মতো চরিত্রটাও একটু অন্যরকম। সিরিজটা যেমন ডার্ক কমেডি, আমার চরিত্রেও অনেক ডার্ক এলিমেন্ট আছে। আমার কখনও কমেডি সিরিজ করা হয়নি, এটা প্রথমবার।’
নতুন এই কাজ বেছে নেওয়ার কারণও জানিয়েছেন ফারিণ। তার ভাষ্য, ওটিটিতে থ্রিলার ও মার্ডার-মিস্ট্রি ঘরানার কাজ অনেক হচ্ছে। তাই এবার একটু ভিন্ন কিছু করতে চেয়েছেন তিনি। দর্শকদের জন্য যেমন এটি নতুন অভিজ্ঞতা হবে, তেমনি অভিনেত্রী হিসেবেও তার কাছে কাজটি আলাদা।
নির্মাতা ইমরাউল রাফাতের কাছেও সিরিজটি বিশেষ। গল্পের নির্মাণ ও পর্বগুলোর ধারাবাহিকতা নিয়ে কাজ করতে হয়েছে বেশ যত্ন নিয়ে। তিনি বলেন, ‘সিরিজের ক্রাফটিং একটু কঠিন। প্রত্যেক পর্বে ক্লিফহ্যাঙ্গার লাগে, লেয়ার থাকা লাগে। ফাইনালি সেরকম একটা গল্প পেয়েছি। অনেক টুইস্ট আছে।’
ডার্ক কমেডি জনরা বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে নির্মাতা আরও বলেন, সিরিজটি তার পরিচিত ঘরানা হলেও কাজটিতে চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জ গ্রহণ করেই এবার দর্শকদের সামনে নতুন গল্প নিয়ে আসছেন তিনি।
সিরিজে পার্থ শেখের চরিত্রেও থাকছে ভিন্নতা। সাম্প্রতিক সময়ে বিভিন্ন চলচ্চিত্র ও সিরিজে নিয়মিত দেখা যাচ্ছে এই তরুণ অভিনেতাকে। ‘ডাকাতিয়া বাঁশি’তে তার চরিত্রটি আগের কাজগুলোর চেয়ে আলাদা হবে বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে, গান ও অভিনয়- দুই মাধ্যমেই পরিচিত আরফান মৃধা শিবলুকে ফার্স্টলুকে দেখা গেছে বন্দুক হাতে। তবে তার চরিত্রের রহস্য এখনই উন্মোচন করতে চান না অভিনেতা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এতটা সহজ হবে না। এটা মজার গল্প, এতে সন্দেহ নাই। কিন্তু আমার চরিত্রে সন্দেহ আছে। চরিত্রটা আসলে একেক সময় একেক রকম।’
গল্পে পারিবারিক আবহ থাকার বিষয়টিও উল্লেখ করেছেন শিবলু। তার মতে, সিরিজটির প্রতি ভালো লাগার অন্যতম কারণ এই পারিবারিক গল্পের উপস্থিতি।
‘ডাকাতিয়া বাঁশি’র অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু ও সাইদুর রহমান পাভেলসহ আরও অনেকে। শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিরিজটির। তবে মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি।