Advertisement

ইনফ্লুয়েন্সার হওয়া নিয়ে হাজরা ইয়ামিনের উদ্বেগ

এশিয়া পোস্ট বিনোদন
ইনফ্লুয়েন্সার হওয়া নিয়ে হাজরা ইয়ামিনের উদ্বেগ
তারকাদের ডিজিটালপ্রীতি নিয়ে উদ্বিগ্ন হাজরা ইয়ামিন। ছবি: সংগৃহীত

বিনোদন জগতে অভিনেতাদের ক্রমশ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে ওঠার প্রবণতা নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানি অভিনেত্রী হাজরা ইয়ামিন। বিনোদন তারকাদের ডিজিটাল মাধ্যমে ইনফ্লুয়েন্সার হওয়ার প্রতি বেশি ঝোঁক বিষয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন।

সম্প্রতি পাকিস্তানের অন্যতম জনপ্রিয় টক শো ‘গাপ শাব’-এ হাজির হয়ে তিনি জানান, ডিজিটাল মাধ্যমের উত্থানে তারকাদের মূল্যায়ন করার ধরন বদলে যাচ্ছে। থিয়েটার ব্যাকগ্রাউন্ড ও শক্তিশালী অভিনয়ের জন্য পরিচিত হাজরা মনে করেন, অভিনয় ও ইনফ্লুয়েন্সিং সম্পূর্ণ ভিন্ন দুটি পেশা।পাকিস্তানি সিনেমা ও নাটক দুই মাধ্যমেই তুমুল জনপ্রিয় অভিনেত্রী হাজরা ইয়ামিন বলেন, ‘অভিনেতাদের মূল কাজ গল্প বলা ও চরিত্র ফুটিয়ে তোলা। অন্যদিকে, ইনফ্লুয়েন্সাররা ব্যক্তিগত ব্র্যান্ডিং ও অনলাইনের উপস্থিতির মাধ্যমে দর্শক ধরে রাখেন। আগে এই দুটি ক্ষেত্রের সীমানা স্পষ্ট থাকলেও, এখন তা ক্রমশ মুছে যাচ্ছে।’

ইয়ামিনের মতে, সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ড কোলাবোরেশন ও স্পনসরড কনটেন্টের মতো লাভজনক সুযোগ তৈরি হওয়ায় অনেক অভিনেতাই অনলাইনে সক্রিয় হচ্ছেন। ফলে তারা টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্রমোশনে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সূত্র: রিভিউইট

তবে এই রূপান্তরের একটি নেতিবাচক দিকও তুলে ধরেছেন হাজরা। তিনি জানান, সোশ্যাল মিডিয়ার কারণে তারকারা এখন অতিরিক্ত পাবলিক স্ক্রুটিনি বা সমালোচনার মুখোমুখি হচ্ছেন। দর্শকরা এখন অভিনেতাদের অনস্ক্রিন পারফরম্যান্সের চেয়ে তাদের ইনস্টাগ্রাম পোস্ট বা ব্যক্তিগত মতামত নিয়ে বেশি চর্চা ও বিচার-বিশ্লেষণ করেন।

রিভিউইট-এর বরাতে জানা যায়, হাজরা ইয়ামিনের এই মন্তব্য পাকিস্তানি শোবিজ ও অনুরাগী মহলে বেশ সাড়া ফেলেছে। দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল বিশ্বে পেশাগত পরিচয় ধরে রাখার এ চ্যালেঞ্জটি এখন সমসাময়িক সব শিল্পীর জন্যই প্রাসঙ্গিক হয়ে উঠেছে।