logo

নেটফ্লিক্সে উন্মাদনা ছড়াল মানি হাইস্টের টিজার

নেটফ্লিক্সে উন্মাদনা ছড়াল মানি হাইস্টের টিজার
লাল জাম্পসুট ও ডালি মাস্কের মানি হাইস্ট দেখার অপেক্ষায় সিনেভক্তরা

ছোট একটি বার্তা—‘বিপ্লব এখনও শেষ হয়নি। লা কাসা দে পাপেলের জগৎ চলছে।’ এতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। ভক্তদের ধারণাকে ভুল প্রমাণ করে আবারও ফিরছে মানি হাইস্ট। সম্প্রতি নেটফ্লিক্স সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত একটি টিজার ক্লিপ প্রকাশ করেছে।

ভক্তরা যখন ভাবছিলেন যে দলটি তাদের শেষ ডাকাতি করে ফেলেছে, ঠিক তখনই নেটফ্লিক্স আবারও তাদের ভল্ট খুলেছে। টিজার দেখে মানি হাইস্টের জগৎ শেষ হতে এখনও লম্বা সময় বাকি বলেই ধারণা করা হচ্ছে। সর্বশেষ টিজারটি দর্শকদের আবারও জল্পনা-কল্পনার জগতে ডুবিয়ে দিয়েছে।

‘বেলা চাও বেলা চাও’ গানটি শোনেননি এমন সিনেভক্ত খুঁজে পাওয়া দায়। সেই গানটি দিয়ে মানি হাইস্ট বিশ্বমাত করেছিল। একটি সাধারণ সিরিজ থেকে বিশ্ব কাঁপানো পপ-কালচার আইকনে পরিণত হওয়া সিরিজ ‘মানি হাইস্ট’। ২০২১ সালের ডিসেম্বরে সিজন ৫-এর মাধ্যমে সিরিজটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেলেও নেটফ্লিক্সের এই টিজারটি জোরালোভাবে ইঙ্গিত দিচ্ছে, আবারও ফিরে আসছে লা কাসা দে পাপেলের জগৎ। সূত্র: এনডিটিভি

দর্শকের মধ্যে উত্তেজনা ছড়াতে নেটফ্লিক্স স্পেনের গুয়াদালকুইভির নদীর তীরে সেই আইকনিক লাল জাম্পস্যুট এবং সালভাদর দালির মুখোশ ফিরিয়ে এনে একটি অনুষ্ঠান করে। স্ট্রিমিং প্ল্যাটফর্মটি ১০ মে সোশ্যাল মিডিয়ায় টিজারে ক্লিপটি প্রকাশ করে।

নেটফ্লিক্সের ঘোষণাটি কর্নেল তামায়োর নাকি প্রফেসরের দলের গল্প নিয়ে হাজির হবে—তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা। মানি হাইস্টের লাল জাম্পসুট ও ডালি মাস্ক আবারও পর্দায় দেখার অপেক্ষায় এখন বিশ্বের কোটি কোটি দর্শক।