logo
Advertisement

‘কিং’ মুক্তির তারিখ ঘোষণা করলেন শাহরুখ খান

‘কিং’ মুক্তির তারিখ ঘোষণা করলেন শাহরুখ খান

বলিউডের বাদশা শাহরুখ খান আবারও প্রস্তুত পর্দা কাঁপাতে। ভক্তদের কাছে ‘কিং খান’ নামে পরিচিত এই তারকার নতুন সিনেমার নামও রাখা হয়েছে ‘কিং’।

শনিবার (২৪ জানুয়ারি) সিনেমাটির একটি নতুন ঝলক প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে মুক্তির তারিখ।

প্রকাশিত ভিডিওর শুরুতেই দেখা যায় তুষারঢাকা পাহাড়ের পটভূমিতে রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছেন শাহরুখ খান। ঠিক তখনই শোনা যায় তার গর্জন। এরপর সংলাপে তিনি বলেন, ‘গর্জনের সময় এসে গেছে।’ মুহূর্তেই ভিডিওটি সামাজিকমাধ্যমে ঝড় তোলে।

সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। তিনি এর আগে শাহরুখকে নিয়ে নির্মাণ করেছিলেন ব্লকবাস্টার সিনেমা ‘পাঠান’। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমা ‘কিং’।

২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’—এই টানা তিনটি ব্লকবাস্টার উপহার দেওয়ার পর দীর্ঘ সময় পর্দায় অনুপস্থিত ছিলেন শাহরুখ খান। প্রায় তিন বছরের বিরতি ভেঙে তিনি ফিরছেন ‘কিং’ সিনেমার মাধ্যমে।

এই সিনেমার আরেকটি বড় আকর্ষণ হলো প্রথমবারের মতো বড় পর্দায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান। এ ছাড়া খলনায়কের চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে, আর শাহরুখের বিপরীতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন।

বড়দিনকে ঘিরে মুক্তির তারিখ নির্ধারণ করায় সিনেমাটি বক্স অফিসে বড় ধরনের ঝড় তুলবে বলেই ধারণা করছেন বিশ্লেষকরা।