logo

বাংলা সিনেমা ও সিরিজের বাজার বাড়াতে যুক্তরাষ্ট্রে চরকির নতুন যাত্রা

বাংলা সিনেমা ও সিরিজের বাজার বাড়াতে যুক্তরাষ্ট্রে চরকির নতুন যাত্রা
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি ও টোস্টার প্রোডাকশনের সিইও নোভা ফিরোজ। ছবি: ঢাকা পোস্ট

যুক্তরাষ্ট্রে বাংলা সিনেমা ও সিরিজের প্রচার এবং বাণিজ্যিক কার্যক্রম বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। এ লক্ষ্যে দেশটিতে টোস্টার প্রোডাকশনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রে চরকির ‘ইউএস কমার্শিয়াল অ্যাসোসিয়েট’ হিসেবে কাজ করবে টোস্টার প্রোডাকশন।

এই অংশীদারত্বের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কাছে চরকির সিনেমা ও সিরিজ আরও সহজে পৌঁছে দিতে চায় প্ল্যাটফর্মটি। পাশাপাশি স্থানীয় বাঙালি দর্শকদের বাইরেও অবাঙালি দর্শকদের মধ্যে বাংলা কনটেন্টের পরিচিতি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া দেশটির বাজারে নতুন বাণিজ্যিক সম্ভাবনা ও অংশীদারত্ব তৈরিতেও কাজ করবে টোস্টার প্রোডাকশন।

Advertisement

এ প্রসঙ্গে টোস্টার প্রোডাকশনের সিইও ও অভিনেত্রী নোভা ফিরোজ বলেন, ‘দেশের বাইরে আমরা যারা থাকি, তারা জানি দেশের কোনো কনটেন্ট দেখার জন্য আমরা কতটা মুখিয়ে থাকি। প্রবাসীদের এই চাহিদা চরকি দীর্ঘদিন ধরেই পূরণ করে আসছে। আমাদের লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের বাঙালি ও অবাঙালি দর্শকদের কাছে চরকিকে আরও সহজে এবং আরও বিস্তৃত পরিসরে পৌঁছে দেওয়া।’

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনির মতে, এই উদ্যোগ বাংলা কনটেন্টের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের বাজারে চরকির কার্যক্রমকে আরও দৃঢ় করার মধ্য দিয়ে আমরা নতুন একটি অধ্যায়ে প্রবেশ করছি। এর ফলে সেখানকার দর্শকরা আরও সহজে এবং নিজেদের পছন্দ অনুযায়ী চরকির কনটেন্ট উপভোগ করতে পারবেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের জন্য নতুন বাণিজ্যিক সম্ভাবনা ও অংশীদারত্বের সুযোগ তৈরি হবে।’

পাঁচ বছরের যাত্রায় চরকি বেশ কিছু আলোচিত সিনেমা ও সিরিজ প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে ‘ঊনলৌকিক’, ‘সিন্ডিকেট’, ‘শাটিকাপ’ ও ‘অ্যালেন স্বপন’-এর মতো সিরিজ। চলচ্চিত্রের তালিকায় রয়েছে ‘নেটওয়ার্কের বাইরে’, ‘ঊনিশ২০’ ও ‘কাছের মানুষ দূরে থুইয়া’। এ ছাড়া প্রেক্ষাগৃহে মুক্তির পর ‘তুফান’, ‘সুড়ঙ্গ’ ও ‘তাণ্ডব’-এর মতো আলোচিত চলচ্চিত্রও দেখা যাচ্ছে প্ল্যাটফর্মটিতে।

নতুন এই অংশীদারত্বের মধ্য দিয়ে দেশের বাইরের দর্শকদের কাছে বাংলা কনটেন্টের বিস্তার কতটা বাড়ে, এখন সেটিই দেখার বিষয়। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ভিন্ন ভাষা ও সংস্কৃতির দর্শকদের কাছে বাংলা সিনেমা ও সিরিজ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে উদ্যোগটি চরকির জন্য নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।