logo

নেটফ্লিক্সে বাংলাদেশের নাদির নিবরাস

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
নেটফ্লিক্সে বাংলাদেশের নাদির নিবরাস
নেটফ্লিক্সে নাদির নিবরাস। ছবি: নাদিরের ফেসবুক থেকে

বাংলাদেশের জনপ্রিয় ভ্রমণ কনটেন্ট নির্মাতা নাদির নিবরাসকে এবার দেখা যাচ্ছে নেটফ্লিক্সের পর্দায়। ইউটিউবে ‘নাদির অন দ্য গো’ নামে পরিচিত এই কনটেন্ট নির্মাতা জুটি বেঁধেছেন মার্কিন ইউটিউবার ও ভ্রমণচিত্র নির্মাতা ড্রু বিনস্কির সঙ্গে।

নেটফ্লিক্সের ‘ড্রু বিনস্কি: আলটিমেট ট্রাভেলার’ সিরিজের ‘বেস্ট অফ’ মৌসুমের ১২তম পর্বে দেখা গেছে নাদিরকে। ‘সারভাইভিং দ্য ওয়ার্ল্ডস ডেডলিয়েস্ট ট্রাফিক’ নামের এই পর্বে মূলত উঠে এসেছে ঢাকার তীব্র যানজট ও এর মধ্যে মানুষের চলাচলের নানা অভিজ্ঞতা।

২০২৫ সালের নভেম্বরে একটি প্রযোজনার কাজের সময় ঢাকায় এসেছিলেন ড্রু বিনস্কি। তখন ঢাকার ব্যস্ত সড়ক ও যানজটের মধ্য দিয়ে তার চলাচলে সহযোগিতা করেন নাদির। সেই সময়ের বিভিন্ন দৃশ্যই পরে জায়গা করে নেয় ড্রুর নির্মিত ভ্রমণচিত্রে।

এর আগে ২০২৫ সালের ২৫ নভেম্বর ড্রু বিনস্কির নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ‘সারভাইভিং দ্য ওয়ার্ল্ডস ডেডলিয়েস্ট ট্রাফিক-বাংলাদেশ’ শিরোনামের ভিডিও। প্রকাশের পর থেকেই ভিডিওটি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলে। গত ১০ মাসে এটি প্রায় ৬০ লাখ বার দেখা হয়েছে।

ভিডিওতে ঢাকার যানজটের পাশাপাশি শহরের বিভিন্ন ধরনের যানবাহন, সড়কে মানুষের চলাচল এবং প্রতিদিনের ব্যস্ত জীবনের চিত্র তুলে ধরেছেন ড্রু। বাংলাদেশের বাস্তবতা কাছ থেকে দেখাতে তাকে সহযোগিতা করেছেন নাদির।

ভ্রমণভিত্তিক ভিডিও নির্মাণের জন্য নাদির নিবরাসের পরিচিতি বাংলাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তৈরি হয়েছে। ‘নাদির অন দ্য গো’ নামের মাধ্যমে তিনি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণ, প্রকৃতি, সংস্কৃতি, ইতিহাস ও মানুষের জীবনযাপন নিয়ে ভিডিও তৈরি করে আসছেন। ২০১৬ সাল থেকে নিয়মিত ভ্রমণভিত্তিক ভিডিও নির্মাণ করছেন তিনি।

অন্যদিকে ড্রু বিনস্কি বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে সেখানকার মানুষ, সংস্কৃতি ও জীবনযাত্রার গল্প তুলে ধরার জন্য পরিচিত। তিনি ১৯৭টি দেশ ভ্রমণ করেছেন। তার নির্মিত ভ্রমণচিত্রে সাধারণত কোনো দেশের প্রচলিত পর্যটনকেন্দ্রের পাশাপাশি স্থানীয় মানুষের জীবন ও সংস্কৃতিও গুরুত্ব পায়।

এবার ড্রু বিনস্কির সেই আন্তর্জাতিক ভ্রমণচিত্রের অংশ হয়ে নেটফ্লিক্সের পর্দায় হাজির হলেন বাংলাদেশের নাদির নিবরাস। ইউটিউবে প্রকাশিত ঢাকার যানজটের গল্পটি নেটফ্লিক্সের দর্শকদের কাছেও পৌঁছে গেল তার উপস্থিতির মাধ্যমে।