logo

ওটিটিতে আসছে রণবীরের ‘রামায়ণ’

হিন্দুস্তান টাইমস
হিন্দুস্তান টাইমস
ওটিটিতে আসছে রণবীরের ‘রামায়ণ’
‘রামায়ণ’ আসছে জিয়োহটস্টারে। ছবি: জিয়োহটস্টার

বলিউড তারকা রণবীর কাপুরকে রামের চরিত্রে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা। সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে আগামী ৫ নভেম্বর। দীপাবলি উপলক্ষে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ: পার্ট ওয়ান’। তবে সিনেমাটি শুধু বড় পর্দাতেই সীমাবদ্ধ থাকছে না। প্রেক্ষাগৃহে প্রদর্শনী শেষ হওয়ার পর ভারতের দর্শকেরা এটি দেখার সুযোগ পাবেন ওটিটি প্ল্যাটফর্ম জিয়োহটস্টারে।

তবে এ ক্ষেত্রে রয়েছে বিশেষ শর্ত। জিয়োহটস্টারে সিনেমাটি দেখতে হলে প্রচলিত মাসিক বা বার্ষিক সাবস্ক্রিপশনের পাশাপাশি আলাদাভাবে অর্থ পরিশোধ করতে হবে। অর্থাৎ, প্ল্যাটফর্মটির নিয়মিত গ্রাহক হলেও ‘রামায়ণ’ দেখার জন্য বাড়তি টাকা খরচ করতে হবে।

সম্প্রতি সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান প্রাইম ফোকাস স্টুডিওস ও জিয়োহটস্টারের মধ্যে এ বিষয়ে চুক্তি হয়েছে। প্রতিষ্ঠান দুটির যৌথ ঘোষণায় জানানো হয়, প্রেক্ষাগৃহে একচেটিয়া প্রদর্শনী শেষ হওয়ার পর সিনেমাটি আলাদা অর্থের বিনিময়ে দেখার সুযোগ দেওয়া হবে। এ ব্যবস্থায় দর্শকেরা নিজেদের পছন্দমতো সময়ে সিনেমাটি দেখার জন্য আলাদাভাবে প্রবেশাধিকার কিনতে পারবেন।

তবে ওটিটিতে সিনেমাটি কবে থেকে দেখা যাবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। একইভাবে দর্শকদের কত টাকা খরচ করতে হবে, তা-ও প্রকাশ করেনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।

ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিত সিনেমাটি দুই পর্বে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রথম পর্বটি পরিচালনা করেছেন নীতেশ তিওয়ারী। সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছেন শ্রীধর রাঘবন। বিশাল বাজেট, উন্নত দৃশ্যপ্রযুক্তি ও বড় পর্দার উপযোগী নির্মাণশৈলীর কারণে ছবিটি নিয়ে আগে থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

নির্মাতাদের পরিকল্পনা, প্রথমে প্রেক্ষাগৃহে সিনেমাটির জমকালো দৃশ্যায়ন উপভোগ করবেন দর্শকেরা। এরপর ঘরে বসে দেখার সুযোগ তৈরি হবে জিয়োহটস্টারের মাধ্যমে। প্রযোজক নমিত মালহোত্রার মতে, ‘রামায়ণ’-এর মতো সিনেমা সবচেয়ে ভালোভাবে উপভোগ করা সম্ভব বড় পর্দায়, বিশেষ করে আইম্যাক্স থ্রিডি ব্যবস্থায়।

তবে ভারতের সব অঞ্চলে প্রেক্ষাগৃহের পর্যাপ্ত সুবিধা নেই। ফলে আগ্রহ থাকলেও অনেক দর্শকের পক্ষে হলে গিয়ে সিনেমাটি দেখা কঠিন হতে পারে। এ কারণেই প্রেক্ষাগৃহে প্রদর্শনীর পর ঘরে বসে সিনেমাটি দেখার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন নমিত মালহোত্রা।

জিয়োস্টারের চেয়ারপারসন নীতা আম্বানি মনে করেন, ‘রামায়ণ’ শুধু একটি কাহিনি নয়, বরং ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। যুগ যুগ ধরে এই মহাকাব্য মানুষের চিন্তা, মূল্যবোধ ও জীবনবোধকে প্রভাবিত করে আসছে।

সিনেমাটি ওটিটিতে পৌঁছানোর উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, প্রযুক্তির সহায়তায় ভারতের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে গুরুত্বপূর্ণ গল্পগুলো পৌঁছে দেওয়াই জিয়োহটস্টারের লক্ষ্য। এর মাধ্যমে নতুন প্রজন্মও ‘রামায়ণ’-এর শিক্ষা ও মূল্যবোধের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে।

অন্যদিকে, নমিত মালহোত্রা জানিয়েছেন, সিনেমাটির অভিজ্ঞতা বড় পর্দায় উপভোগ করাই সবচেয়ে ভালো। তবে যাঁরা প্রেক্ষাগৃহে যেতে পারবেন না, তাঁদের কাছেও ছবিটি পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে নির্মাতাদের। এ ক্ষেত্রে জিয়োহটস্টারের বিস্তৃত দর্শকগোষ্ঠী ও প্রযুক্তিগত সুবিধা কাজে লাগাতে চান তাঁরা।

সিনেমাটিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী। এ ছাড়া রাবণের চরিত্রে যশ, হনুমানের ভূমিকায় সানি দেওল এবং লক্ষ্মণের চরিত্রে অভিনয় করেছেন রবি দুবে।

সিনেমাটিতে আরও রয়েছেন অরুণ গোভিল, লারা দত্ত, রাকুল প্রীত সিং, বিবেক ওবেরয়, কুনাল কাপুর ও কাজল আগরওয়ালসহ একঝাঁক অভিনয়শিল্পী। প্রাইম ফোকাস স্টুডিওসের প্রযোজনায় নির্মিত ছবিটি তৈরি হচ্ছে ডিএনইজি ও যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশনসের সহযোগিতায়।

সিনেমাটির সংগীতায়োজনে রয়েছেন অস্কারজয়ী সংগীত পরিচালক হ্যান্স জিমার ও এ আর রহমান। আগামী ৫ নভেম্বর হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম ও ইংরেজি ভাষায় বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর।

প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি ওটিটিতে আলাদা অর্থের বিনিময়ে দেখার এই উদ্যোগ ভারতীয় দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। তবে দর্শকদের ঠিক কত দিন অপেক্ষা করতে হবে এবং ঘরে বসে সিনেমাটি দেখতে কত টাকা ব্যয় করতে হবে, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।