logo

১০ বছর পর চরকিতে আসছে রাজ-তুষির প্রথম সিনেমা ‘আইসক্রিম’

১০ বছর পর চরকিতে আসছে রাজ-তুষির প্রথম সিনেমা ‘আইসক্রিম’
চরকির ‘আইসক্রিম’ সিনেমার পোস্টার থেকে

এক দশক আগে বড় পর্দায় অভিষেক হয়েছিল শরীফুল রাজ ও নাজিফা তুষির। রেদওয়ান রনি পরিচালিত সেই সিনেমা ‘আইসক্রিম’ এবার নতুন করে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকেরা। ২০১৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি আগামী ২০ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে।

সম্প্রতি সামাজিকমাধ্যমে এক পোস্টে সিনেমাটি মুক্তির এ তারিখ জানিয়েছে চরকি। দীর্ঘদিন পর ‘আইসক্রিম’ দেখার সুযোগ তৈরি হওয়ায় সিনেমাটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হতে পারে দর্শকদের মধ্যে।

শরীফুল রাজের অভিনয়জীবনে ‘আইসক্রিম’ বিশেষ একটি জায়গা দখল করে আছে। সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এ সিনেমা নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন তিনি। রাজের ভাষ্য, ১০ বছর আগের তার সঙ্গে বর্তমানের রাজের নিশ্চয়ই অনেক পার্থক্য রয়েছে। আজকের শরীফুল রাজ হয়ে ওঠার পেছনে ‘আইসক্রিম’-এরও ভূমিকা রয়েছে।

অন্যদিকে, প্রথম সিনেমায় কাজ করার অভিজ্ঞতা নিয়ে নাজিফা তুষির স্মৃতিতেও রয়েছে নানা অনুভূতি। তার কথায়, সিনেমা যে এত বড় একটি ক্যানভাস, সে সম্পর্কে তখন খুব বেশি ধারণা ছিল না। অনেক কিছু না জেনেই সেই ক্যানভাসে পা রেখেছিলেন তিনি। তবে অভিজ্ঞতা কম থাকলেও তখনই তার মনে হয়েছিল, ‘আইসক্রিম’ একটি ভালো প্রজেক্ট এবং রেদওয়ান রনি একজন ভালো নির্মাতা।

‘আইসক্রিম’-এ রাজ ও তুষির পাশাপাশি অভিনয় করেছেন উদয়, এ টি এম শামসুজ্জামান, দিতি, ওমর সানি, সায়েম সাদাত ও নাদিয়া খানম। সিনেমাটির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন অর্ণব, আরমিন মুসা, শারমিন সুলতানা সুমি ও মিনার রহমান।

২০১৬ সালের ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘আইসক্রিম’। এবার মুক্তির ১০ বছর পর চরকির মাধ্যমে সিনেমাটি আবারও দর্শকদের সামনে আসছে। রাজ ও তুষির অভিনয়জীবনের শুরুর দিকের কাজটি নতুন করে দেখার সুযোগ মিলবে এ উপলক্ষে।