যা থাকছে এ সপ্তাহের ওটিটিতে

সিনেপ্রেমী এবং ওটিটি ভক্তদের জন্য চলতি সপ্তাহটি নিয়ে এসেছে বিনোদনের এক চমৎকার ও বৈচিত্র্যময় প্যাকেজ। অ্যাকশন, থ্রিলার কিংবা ড্রামার বাইরে গিয়ে এবার ওটিটি প্ল্যাটফর্মগুলো দর্শকদের জন্য সাজিয়েছে একদম ভিন্ন স্বাদের বেশ কিছু নতুন কন্টেন্ট, যা এরই মধ্যে নেটফ্লিক্স এবং প্রাইম ভিডিওতে দারুণ সাড়া ফেলেছে। বিশেষ করে ক্রীড়াপ্রেমী, রোমান্টিক থ্রিলার এবং বিশ্বখ্যাত পপ মিউজিকের ভক্তদের জন্য এই সপ্তাহের মুক্তিপ্রাপ্ত সিনেমা ও সিরিজগুলো হতে যাচ্ছে এক দারুণ ট্রিট।
প্রথমেই থাকছে নেটফ্লিক্সের পর্দায় ঝড় তোলা বিশেষ স্পোর্টস ডকুমেন্টারি ফিল্ম ‘নরওয়ে: দ্য ডার্ক হর্স’। নরওয়ে ফুটবল দলের অবিশ্বাস্য এবং রূপকথার মতো ঘুরে দাঁড়ানোর গল্প ফুটিয়ে তোলা হয়েছে এই ডকু-ফিল্মে। বেশ কিছু তারকা খেলোয়াড়ের জবানবন্দিতে নরওয়ে ফুটবলের এই রোমাঞ্চকর উত্থান ফুটবল ভক্তদের আন্দোলিত করবে। ফুটবল নিয়ে নেটফ্লিক্সে আরও থাকছে ‘দ্য রেস্ট ইজ ফুটবল’। এতে গ্যারি লিনেকার ও অ্যালান শিয়ারারের মতো কিংবদন্তিরা বিশ্বকাপ নিয়ে জমজমাট আলোচনা করবেন।
অন্যদিকে, পপ-সম্রাট মাইকেল জ্যাকসনের ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে বহুল আলোচিত মেগা বায়োপিক ‘মাইকেল’। এতে অভিনয় করেন পপ-কিংয়ের ভাতিজা জাফর জ্যাকসন। এর মাধ্যমে কিংবদন্তি পপতারকার রহস্যঘেরা ব্যক্তিগত জীবনের এক অজানা অধ্যায় উন্মোচিত হয়েছে এখানে।
রোমান্স ও ড্রামার স্বাদ দিতে প্রাইম ভিডিওতে আসছে কার্লি ফরচুনের বেস্টসেলার উপন্যাস অবলম্বনে ৮ পর্বের সিরিজ ‘এভরি ইয়ার আফটার’, যা দুই বন্ধুর হারিয়ে যাওয়া প্রেম ও পুনর্মিলনের গল্প। এ ছাড়া রহস্যের খোঁজ করতে নেটফ্লিক্সে দেখতে পারেন ক্রাইম থ্রিলার ‘কালারস অব ইভিল: ব্ল্যাক’ এবং ফ্যামিলি ড্রামা ‘মাই ফ্যামিলি: সিজন ২’। আর যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাদের জন্য নেটফ্লিক্স নিয়ে আসছে রিয়েলিটি শো ‘আউটলাস্ট: দ্য জঙ্গল’। তাই সিনেভক্তরা এই উইকএন্ডে ওটিটির এসব দুর্দান্ত বিনোদনে ডুবে যেতে পারেন।
.png)

