হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু

হামজনিত জটিলতায় আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাম সন্দেহে সারা দেশে হাসপাতালে ৯৭৪ জনকে ভর্তি করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো হামের সর্বশেষ পরিস্থিতিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ৯৭৪ জন ব্যক্তিকে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৫৪ জনের হাম হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। সবমিলিয়ে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে ৭ হাজার ৬১০ জনে দাঁড়িয়েছে। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে পৌঁছেছে ৯২৯ জনে।
নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। এর মধ্যে ঢাকায় ৩৯২ জন, চট্টগ্রামে ১৯৫ জন, রাজশাহীতে ১২৪, খুলনায় ৮২ ও বরিশালে ৪৯ জন। এ ছাড়াও ময়মনসিংহে ৪৯ জন, সিলেটে ৪৬ জন এবং রংপুরে ৩৭ জন।
অন্যদিকে, হামজনিত নানা জটিলতা নিয়ে নতুন করে মারা গেছে ১০ জন। মৃতদের মধ্যে হাম নিশ্চিত হয়েছে দুজনের শরীরে। এই নিয়ে হাম সন্দেহভাজন হিসেবে ১১৩ জনের মৃত্যুর খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর।
নতুন করে মারা যাওয়া ব্যক্তিরা তিন বিভাগের বাসিন্দা। এর মধ্যে চট্টগ্রামে দুজন, খুলনায় পাঁচজন ও রাজশাহীতে তিনজন। এতে করে সংক্রামক এ ব্যাধিতে মৃতের সংখ্যা বেড়ে ১১৩ জনে ঠেকেছে। এর মধ্যে রাজশাহীতেই ৫৫ জন। এ ছাড়াও ঢাকায় ৪০ জন, চট্টগ্রামে ১০ জন ও বরিশালে দুজন।