logo

ঘরে বসেই সহজে জেনে নিন আপনার কিডনির স্বাস্থ্য

ঘরে বসেই সহজে জেনে নিন আপনার কিডনির স্বাস্থ্য

কিডনি আমাদের শরীরের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। এটা শরীরের বর্জ্য বের করে, পানির পরিমাণ ঠিক রাখে এবং দরকারি খনিজের ভারসাম্য বজায় রাখে। অনেকেই ভাবেন কিডনির সমস্যা ধরতে হলে রক্ত পরীক্ষা বা ডাক্তার দেখাতে হবে। কিন্তু ভালো খবর হলো, ঘরেই সহজভাবে বোঝা যায় কিডনি ঠিকঠাক কাজ করছে কি না।

কিভাবে বুঝবেন কিডনি ভালো আছে? চলুন জেনে নিই কিছু ঘরোয়া সহজ উপায়।

মূত্রের পরিমাণ লক্ষ্য করুন

বিশেষজ্ঞরা বলেন, যদি দিনে ১০ ঘণ্টার মধ্যে আপনার ওজন অনুযায়ী প্রায় ০.৫-১ মিলি প্রতি কেজি মূত্র হয়, তাহলে কিডনি সাধারণত ভালো আছে। উদাহরণ: ওজন ৬০ কেজি হলে ১০ ঘণ্টায় ৩০০-৬০০ মিলি মূত্র স্বাভাবিক।

ঘরে পরীক্ষা করার সহজ পদ্ধতি

  • এমন একটি সময় বেছে নিন যখন ১০ ঘণ্টা ধরে মূত্র পরিমাপ করা সম্ভব।
  • এক লিটার বা বড় বোতল নিন।
  • এই সময়ের মধ্যে যতবার মূত্র হবে, সব এক বোতলে রাখুন।

শেষে দেখুন মোট কত মিলি হয়েছে, আর আপনার ওজন অনুযায়ী স্বাভাবিক পরিমাণের সঙ্গে মিলিয়ে দেখুন।

এই পরীক্ষা মাসে একবার বা দুবার করতে পারেন, বিশেষ করে যদি আপনার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থাকে বা আপনি নিয়মিত ব্যথার ওষুধ খান।

যদি মূত্র কম হয়

মূত্র কম হওয়া মানে কিডনি ঠিকমতো কাজ করছে না। এর কারণ হতে পারে:

  • শরীরে পানি কমে যাওয়া
  • কিডনিতে রক্ত ঠিকভাবে না পৌঁছানো
  • কিডনির প্রাথমিক সমস্যা

ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন জানাচ্ছে, হঠাৎ মূত্র কমে যাওয়া ‘অ্যাকিউট কিডনি ইনজুরি’-এর প্রধান লক্ষণ। সময়মতো চিকিৎসা না নিলে সমস্যা বাড়তে পারে।

দুর্বল কিডনির সাধারণ উপসর্গ

  • পা, মুখ বা গোড়ালি ফোলা
  • সবসময় ক্লান্ত লাগা
  • প্রস্রাব ফেনাযুক্ত বা গাঢ় রঙের হওয়া
  • বমি ভাব, মনোযোগ কমে যাওয়া

মনে রাখবেন, এই পরীক্ষা শুধুই প্রাথমিকভাবে বোঝার জন্য। যদি সন্দেহ হয় বা উপসর্গ দেখা দেয়, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। নিজের কিডনির যত্ন নিন। পর্যাপ্ত পানি খান, স্বাস্থ্যকর খাবার খান, এবং নিয়মিত শরীরের দিকে খেয়াল রাখুন।