logo

হামের টিকা দ্রুত সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

হামের টিকা দ্রুত সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের সংক্রমণ মোকাবিলায় দ্রুত টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। ইউনিসেফের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই প্রয়োজনীয় টিকা আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকা ও রাজশাহীসহ বিভিন্ন এলাকায় হামের বিস্তার ঠেকাতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। কয়েকটি হাসপাতালে বিশেষ চিকিৎসা ব্যবস্থা চালু করা হয়েছে। রাজশাহী ও মানিকগঞ্জে বাড়ানো হয়েছে ভেন্টিলেটর সুবিধা। পাশাপাশি চিকিৎসক ও নার্সদেরও প্রস্তুত রাখা হয়েছে।

তিনি জানান, ২০১৮ সালের পর দেশে হামের টিকা নিয়ে বড় কোনো ক্যাম্পেইন হয়নি। নতুন করে টিকা সংগ্রহের জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং ইউনিসেফের মাধ্যমে দ্রুত তা আনা হবে।

স্বাস্থ্যখাতের সামগ্রিক উন্নয়ন নিয়েও কথা বলেন মন্ত্রী। 

তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে একটি পরিকল্পনা প্রণয়নে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হবে। দুই দেশের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এই কমিটি আগামী মে মাসের মধ্যে সুপারিশ চূড়ান্ত করবে। এরপর স্বাস্থ্যখাত উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বাস্তবায়ন করা হবে।