কাঁচা না পাকা, কোন পেঁপে স্বাস্থ্যের জন্য বেশি ভালো

পেঁপে এমন একটি ফল, যা কাঁচা ও পাকা দুই অবস্থাতেই খাওয়া যায়। কাঁচা পেঁপে দিয়ে তরকারি, সালাদ বা ভর্তা তৈরি করা হয়, আর পাকা পেঁপে খাওয়া হয় ফল হিসেবে।
কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকে, কাঁচা আর পাকা পেঁপের মধ্যে কোনটিতে বেশি পুষ্টিগুণ রয়েছে?
বিশেষজ্ঞদের মতে, কাঁচা ও পাকা পেঁপে দুটিই পুষ্টিকর। তবে পুষ্টিগুণ ও উপকারিতার ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে। তাই কোনটি ভালো হবে, তা নির্ভর করে আপনার খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যগত প্রয়োজনের ওপর।
কাঁচা পেঁপে
কাঁচা পেঁপেতে প্রাকৃতিক চিনির পরিমাণ তুলনামূলক কম এবং খাদ্যআঁশ বেশি থাকে। এছাড়া এতে প্যাপেইন নামের একটি এনজাইম থাকে, যা প্রোটিন হজমে সাহায্য করে।
কাঁচা পেঁপে হজমে সহায়তা করে, দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে, রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে, খাদ্যআঁশের কারণে কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের প্রদাহ কমাতে ভূমিকা রাখতে পারে।
পাকা পেঁপে
পাকা পেঁপেতে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, ফোলেট এবং বিটা-ক্যারোটিনের পরিমাণ বেশি থাকে। এছাড়া এতে লাইকোপিনের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে।
এছাড়া পাকা পেঁপে রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে, ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী, চোখের স্বাস্থ্যে সহায়ক, হৃদ্স্বাস্থ্যের জন্য উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে এবং প্রাকৃতিক মিষ্টি হওয়ায় স্বাস্থ্যকর ডেজার্ট হিসেবে খাওয়া যায়।
কোনটিতে পুষ্টিগুণ বেশি?
এক কথায় এর উত্তর দেওয়া কঠিন।
কাঁচা পেঁপে এনজাইম, খাদ্যআঁশ এবং কম চিনির জন্য এগিয়ে। অন্যদিকে পাকা পেঁপে ভিটামিন, ক্যারোটিনয়েড এবং অ্যান্টিঅক্সিডেন্টের জন্য বেশি পরিচিত।
অর্থাৎ হজম ও রক্তে শর্করা নিয়ন্ত্রণে কাঁচা পেঁপে কিছুটা বেশি উপকারী হতে পারে। অন্যদিকে, রোগ প্রতিরোধক্ষমতা, চোখ ও ত্বকের স্বাস্থ্যের জন্য পাকা পেঁপে বেশি উপকারী হতে পারে।
গরমকালে কীভাবে খেতে পারেন?
গরমের দিনে কাঁচা ও পাকা পেঁপে দুটিই বিভিন্নভাবে খাদ্যতালিকায় রাখা যায়। কাঁচা পেঁপে দিয়ে সালাদ, সবজি, তরকারি, পরোটার পুর, ভর্তা বা স্যুপ তৈরি করা যায়।
অন্যদিকে পাকা পেঁপে খেতে পারেন ফলের সালাদ, স্মুদি, ওটস বা দইয়ের সঙ্গে, চিয়া পুডিংয়ে কিংবা সকালের নাশতায় অন্যান্য ফলের সঙ্গে।
কারা সতর্ক থাকবেন
- গর্ভাবস্থায় কাঁচা বা আধাপাকা পেঁপে খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
- যাদের ল্যাটেক্সে অ্যালার্জি রয়েছে, তাদের পেঁপেতেও অ্যালার্জির ঝুঁকি থাকতে পারে।
- ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের পাকা পেঁপে পরিমিত পরিমাণে খাওয়া উচিত এবং মোট কার্বোহাইড্রেটের হিসাব রাখতে হবে।
মনে রাখবেন, কাঁচা ও পাকা পেঁপে একে অপরের বিকল্প নয়। দুটিতেই আলাদা ধরনের পুষ্টিগুণ রয়েছে। হজম ও কম চিনির জন্য কাঁচা পেঁপে উপকারী আর ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টের জন্য পাকা পেঁপে ভালো। তাই সুস্থ মানুষের জন্য খাদ্যতালিকায় দুই ধরনের পেঁপেই পর্যায়ক্রমে রাখা সবচেয়ে ভালো অভ্যাস।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
.png)
