বাসায় প্রেসার মাপার সময় যেসব ভুলে বদলে যেতে পারে রক্তচাপের রিডিং

উচ্চ রক্তচাপ আছে কি না, তা জানার জন্য এখন অনেকেই বাড়িতে নিয়মিত রক্তচাপ মাপেন। বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য বাড়ির মেশিনে নিয়মিত রক্তচাপ মাপা চিকিৎসার অগ্রগতি বোঝার একটি গুরুত্বপূর্ণ উপায় হতে পারে।
কিন্তু মেশিন ভালো হলেই যে ফলাফলও সঠিক হবে, এমন নয়। কীভাবে বসছেন, কাফ কোথায় লাগাচ্ছেন, মাপার আগে কী করেছেন কিংবা মাপার সময় কথা বলছেন কি না, এসব বিষয়েও রক্তচাপের ফল বদলে যেতে পারে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনও (American Heart Association) বাড়িতে রক্তচাপ মাপার সময় সঠিক কাফ, শরীরের অবস্থান এবং কয়েক মিনিট বিশ্রামের ওপর গুরুত্ব দিয়েছে।
তাই বাড়িতে রক্তচাপ মাপার সময় কোন ভুলগুলো এড়িয়ে চলবেন, তা জানা জরুরি।
বাহুর তুলনায় ভুল মাপের কাফ ব্যবহার
রক্তচাপ মাপার মেশিনের সঙ্গে থাকা কাফটি শুধু একটি আনুষঙ্গিক জিনিস নয়। সঠিক ফল পাওয়ার জন্য এর মাপও ঠিক হওয়া জরুরি।
বাহুর তুলনায় কাফ খুব ছোট বা খুব বড় হলে রক্তচাপের ফল ভুল আসতে পারে। বিশেষ করে খুব ছোট কাফ ব্যবহার করলে রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেশি দেখাতে পারে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ভুল মাপের কাফ রক্তচাপের পরিমাপকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে।
তাই মেশিন কেনার আগে নিজের বাহুর পরিধির সঙ্গে কাফের মাপ মিলিয়ে নেওয়া উচিত। কাফের মাপ নিয়ে সন্দেহ থাকলে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর পরামর্শ নেওয়া ভালো।
দৌড়ঝাঁপ বা ব্যায়ামের পরপরই রক্তচাপ মাপা
সিঁড়ি দিয়ে দ্রুত ওঠা, ব্যায়াম করা, ঘরের কাজে ব্যস্ত থাকা বা তাড়াহুড়ো করে কোথাও থেকে এসে সঙ্গে সঙ্গে রক্তচাপ মাপলে ফলাফল আপনার স্বাভাবিক বিশ্রামকালীন রক্তচাপ নাও দেখাতে পারে।
ব্যায়াম, শারীরিক পরিশ্রম, ক্যাফেইন, ধূমপান এমনকি মূত্রথলি ভর্তি থাকলেও সাময়িকভাবে রক্তচাপ বাড়তে পারে। তাই রক্তচাপ মাপার আগে অন্তত পাঁচ মিনিট শান্তভাবে বসে থাকা ভালো।
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের পরামর্শ অনুযায়ী, রক্তচাপ মাপার ৩০ মিনিট আগে ব্যায়াম, ক্যাফেইনযুক্ত পানীয় ও ধূমপান এড়িয়ে চলা উচিত। মাপার আগে প্রস্রাব করে নেওয়াও ভালো।
ভুলভাবে বসে রক্তচাপ মাপা
অনেকে বিছানা, সোফা বা যেকোনো জায়গায় হেলান দিয়ে বসেই রক্তচাপ মেপে ফেলেন। কেউ আবার পা তুলে রাখেন বা এক পায়ের ওপর আরেক পা তুলে বসেন।
এভাবে মাপলে ফল সঠিক নাও হতে পারে।
রক্তচাপ মাপার সময় পিঠ সোজা রেখে এমন চেয়ারে বসুন, যেখানে পিঠ ভালোভাবে ঠেকানো যায়। দুই পা মেঝেতে সমানভাবে রাখুন এবং পা দুটো ক্রস করবেন না। যে হাতে কাফ লাগানো হয়েছে, সেই হাত টেবিল বা সমতল কোনো জায়গায় এমনভাবে রাখুন, যাতে বাহু হৃদ্পিণ্ডের সমান উচ্চতায় থাকে।
কাফটি খালি বাহুতে লাগানো উচিত। কাপড়ের ওপর কাফ লাগিয়ে রক্তচাপ মাপা ঠিক নয়।
রক্তচাপ মাপার সময় কথা বলা বা মোবাইল ব্যবহার করা
রক্তচাপ মাপার সময় এক মিনিট চুপ করে থাকা খুব কঠিন মনে হতে পারে। কেউ ফোনে কথা বলেন, কেউ মেসেজ দেখেন, আবার কেউ পাশে থাকা ব্যক্তির সঙ্গে গল্প করেন।
কিন্তু এসব অভ্যাসও রক্তচাপের ফলকে প্রভাবিত করতে পারে।
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলছে, রক্তচাপ মাপার সময় কথা বলা এড়িয়ে চলা উচিত। এমনকি মোবাইল ব্যবহার বা হাত নড়াচড়ার মতো বিষয়ও পরিমাপকে প্রভাবিত করতে পারে।
তাই মেশিন চালু করার পর চুপচাপ ও স্থির হয়ে বসে থাকুন। কথা বলা বা মোবাইল দেখার অভ্যাসটি কয়েক মিনিটের জন্য বন্ধ রাখুন।
একটি মাত্র রিডিং দেখে সিদ্ধান্ত নেওয়া
একবার রক্তচাপ মেপে যে সংখ্যা পেলেন, সেটিই আপনার স্থায়ী রক্তচাপ, এমনটা ভাবা ঠিক নয়।
রক্তচাপ দিনের বিভিন্ন সময়ে স্বাভাবিকভাবেই ওঠানামা করে। মানসিক চাপ, ঘুম, শারীরিক পরিশ্রম, খাবার, ক্যাফেইন এবং আরও অনেক বিষয় সাময়িকভাবে রক্তচাপ পরিবর্তন করতে পারে।
তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত রক্তচাপ মাপা এবং ফল লিখে রাখা বেশি কার্যকর। সাধারণভাবে প্রতিবার দুইটি রিডিং নেওয়া যায়, যার মধ্যে অন্তত এক মিনিট বিরতি রাখা উচিত।
একাধিক দিনের রিডিং চিকিৎসককে আপনার রক্তচাপের সামগ্রিক ধরন বুঝতে সাহায্য করতে পারে।
বাড়িতে কীভাবে সঠিকভাবে রক্তচাপ মাপবেন?
সঠিক ফল পেতে পুরো প্রক্রিয়াটি সহজভাবে এভাবে অনুসরণ করতে পারেন।
প্রথমে অন্তত পাঁচ মিনিট শান্তভাবে বসুন। এর আগে ব্যায়াম, ধূমপান বা ক্যাফেইন এড়িয়ে চলুন। প্রয়োজনে প্রস্রাব করে নিন।
এরপর পিঠ ঠেকিয়ে চেয়ারে সোজা হয়ে বসুন। দুই পা মেঝেতে রাখুন এবং পা ক্রস করবেন না।
বাহুর কাপড় সরিয়ে খালি বাহুতে সঠিক মাপের কাফ লাগান। কাফের নিচের অংশ কনুইয়ের ভাঁজের ঠিক ওপরে থাকবে।
হাতটি টেবিলের ওপর রাখুন, যাতে কাফ হৃদ্পিণ্ডের সমান উচ্চতায় থাকে।
এরপর মেশিন চালু করে চুপচাপ ও স্থির থাকুন। রক্তচাপ মাপার সময় কথা বলবেন না এবং মোবাইল ব্যবহার করবেন না।
প্রথম রিডিং নেওয়ার পর অন্তত এক মিনিট অপেক্ষা করে দ্বিতীয় রিডিং নিন। দুইটি ফল লিখে রাখলে পরবর্তী সময়ে চিকিৎসককে দেখানো সহজ হবে।
কবজির মেশিন কি ব্যবহার করা যায়?
বাড়িতে নিয়মিত রক্তচাপ মাপার জন্য আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন সাধারণত স্বয়ংক্রিয়, যাচাই করা বা বৈধতা পাওয়া ওপরের বাহুতে লাগানো কাফযুক্ত মেশিন ব্যবহারের পরামর্শ দেয়। কবজি বা আঙুলে লাগানো মেশিনের তুলনায় ওপরের বাহুর মেশিনকে অগ্রাধিকার দেওয়া হয়।
তবে কারও বিশেষ শারীরিক কারণে ওপরের বাহুতে কাফ ব্যবহার করা সম্ভব না হলে চিকিৎসকের সঙ্গে কথা বলে বিকল্প ব্যবস্থা নেওয়া যেতে পারে।
একই সময়ে রক্তচাপ মাপা ভালো কেন?
রক্তচাপ দিনের বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়। তাই নিয়মিত পর্যবেক্ষণের ক্ষেত্রে প্রতিদিন প্রায় একই সময়ে রক্তচাপ মাপলে তুলনা করা সহজ হয়।
চিকিৎসক প্রয়োজন অনুযায়ী সকালে ও সন্ধ্যায় রক্তচাপ মাপতে বলতে পারেন। কারও ক্ষেত্রে কয়েক দিন ধরে একাধিক রিডিং নেওয়ার পরামর্শও দেওয়া হতে পারে।
নিজের ইচ্ছায় ওষুধের মাত্রা পরিবর্তন করার জন্য শুধু বাড়ির রক্তচাপের একটি রিডিং ব্যবহার করা উচিত নয়।
রক্তচাপের ফল বেশি এলে কী করবেন?
একবার রক্তচাপ বেশি দেখালেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। প্রথমে কয়েক মিনিট শান্ত হয়ে বসে আবার মাপা যেতে পারে।
তবে বারবার রক্তচাপ বেশি আসলে বিষয়টি গুরুত্ব দিয়ে চিকিৎসকের সঙ্গে আলোচনা করা উচিত। বাড়িতে নিয়মিত নেওয়া রিডিংয়ের তালিকা চিকিৎসককে দেখালে পরিস্থিতি বুঝতে সুবিধা হবে।
উচ্চ রক্তচাপের ওষুধ খেলে শুধু বাড়িতে রক্তচাপ স্বাভাবিক এসেছে বলে নিজের ইচ্ছায় ওষুধ বন্ধ বা কমিয়ে দেওয়া উচিত নয়। American Heart Association স্পষ্টভাবে বলছে, চিকিৎসকের সঙ্গে আলোচনা না করে উচ্চ রক্তচাপের ওষুধ বন্ধ করা উচিত নয়।
বাড়িতে রক্তচাপ মাপা খুব সহজ মনে হলেও সঠিক ফল পেতে কিছু নিয়ম মেনে চলা জরুরি। ভুল মাপের কাফ ব্যবহার, ব্যায়াম বা দৌড়ঝাঁপের পরপরই রক্তচাপ মাপা, পা ক্রস করে বসা, হাত সঠিক উচ্চতায় না রাখা, মাপার সময় কথা বলা বা মোবাইল ব্যবহার করা এবং একটি মাত্র রিডিং দেখে সিদ্ধান্ত নেওয়া, সবই ফলাফলকে প্রভাবিত করতে পারে।
তাই বাড়িতে রক্তচাপ মাপার সময় কয়েক মিনিট সময় নিয়ে সঠিকভাবে বসুন, শরীরকে বিশ্রাম দিন, সঠিক মাপের কাফ ব্যবহার করুন এবং একাধিক রিডিং লিখে রাখুন। এতে আপনার রক্তচাপের প্রকৃত অবস্থা সম্পর্কে চিকিৎসকও তুলনামূলকভাবে ভালো ধারণা পাবেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া



