হাত-পায়ে ঝিঁঝি ধরা কি কোনো সমস্যা, কেন হয়

হাত-পায়ে ঝিঁঝি ধরা একটি খুবই সাধারণ বিষয়। এ বিষয়টি মূলত ডাক্তারি ভাষায় প্যারেস্থেশিয়া নামে পরিচিত। আর এ পরিস্থিতিতে হাত-পায়ে খোঁচা লাগার ভাব, অসাড়তা বা জ্বালাপোড়ার মতো অনুভূতি হতে পারে।
বেশিরভাগ ক্ষেত্রে ঝিঁঝি ধরার বিষয়টি সাময়িক। তবে, কখনও কখনও আপনার হাত ও পায়ে ঝিনঝিন করা ঘন ঘন, তীব্র বা দীর্ঘস্থায়ীও হতে পারে। এর পাশাপাশি ব্যথা, চুলকানি, অসাড়তা বা পেশি ক্ষয়ের মতো অন্যান্য উপসর্গও থাকতে পারে। এসব ক্ষেত্রে, হাত-পায়ে ঝিঁঝি ধরা বা ঝিনঝিন করা আঘাতজনিতও হতে পারে। আবার বারবার একই স্থানে চাপ পড়ার কারণে হওয়া ক্ষত, ব্যাকটেরিয়া বা ভাইরাস সংক্রমণ, বিষাক্ত পদার্থের সংস্পর্শ বা ডায়াবেটিসের মতো রোগের কারণেও যদি স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়, তাহলেও হাত-পায়ে ঝিঁঝি ধরতে পারে।
এমন অনেকেই আছেন যারা প্রায়ই হাত-পায়ে ঝিঁঝি ধরার সমস্যায় ভোগেন। সাধারণত লম্বা সময় কোথাও বসে থাকা বা দাঁড়িয়ে থাকার কারণে ঝিঁঝি ধরে। আবার কখনও কখনও ঘুমের মধ্যেও এমন হয়ে থাকে। তবে, সাধারণ মনে হলেও এটি যে মারাত্মক রোগের আভাস দেয় তা খুব কম মানুষই জানেন।
মনে রাখবেন, হাত-পায়ে যদি ঝিঁঝি ধরার সমস্যা থাকে তা অবহেলা করা উচিত না। এটি আপনার স্নায়ুর ক্ষতির লক্ষণও হতে পারে। এছাড়াও কিছু গুরুতর কয়েকটি সমস্যার কারণে ঝিঁঝি ধরা একটি লক্ষণ হতে পারে।
চলুন স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী হাত-পায়ে ঝিঁঝি ধরার কারণগুলে জেনে নেওয়া যাক।
ডায়াবেটিস : হাত-পায়ে ঝিঁঝি ধরার সমস্যা খুবই যন্ত্রণাদায়ক। এর অন্যতম কারণ হতে পারে ডায়াবেটিস। ডায়াবেটিক নিউরোপ্যাথিতে শুরুতে দুই পায়েই টিংলিং ও অন্যান্য উপসর্গ দেখা দিয়ে থাকে। পরবর্তীতে এর প্রভাব হাতে দেখা দেওয়া শুরু হয়। আর দুই-তৃতীয়াংশ ডায়াবেটিস রোগীর স্নায়ুর ক্ষতির লক্ষণ কম-বেশি দেখা দিয়ে থাকে।
সিস্টেমিক ডিজিজ : কিডনিজনিত সমস্যা, লিভারের রোগ, ভাস্কুলার ড্যামেজ, রক্তের রোগ, দীর্ঘস্থায়ী প্রদাহের রোগ ছাড়াও হাত-পা কিংবা শরীরে খিঁচুনি হওয়ার সম্ভাবনা থাকে।
আঘাত : আঘাতের কারণেও স্নায়ু চাপা পড়ে কিংবা চূর্ণ-বিচূর্ণ হয়ে তা নষ্ট হয়। এমনটা হলে শরীরে কাঁপুনি ও ব্যথার মতো সমস্যা দেখা দেয়।
ভিটামিনের অভাব : মানবদেহের জন্য ভিটামিন খুবই জরুরি উপাদান। ভিটামিনের ঘাটতি দেখা দিলে নানা ধরনের সমস্যা দেখা দেয়। আর কম-বেশি সবাই নির্দিষ্ট কিছু ভিটামিনের অভাবে ভোগেন। এদিকে সুস্থ স্নায়ুর জন্য ভিটামিন ই, বি১, বি৬ ও বি১২ খুবই গুরুত্বপূর্ণ উপাদান। শরীরে যদি এসব উপাদানের ঘাটতি থাকে তাহলে কাঁপুনিও অনুভূত হয়।
মাদকদ্রব্য সেবন : অনেকে মাত্রাতিরিক্ত মাদকদ্রব্য সেবন করে থাকেন। এ থেকে নানা ধরনের সমস্যা দেখা দেয় শরীরে। এ থেকে হাত-পায়ে খিঁচুনির মতো সমস্যা হয়ে থাকে। অ্যালকোহল পান ও অস্বাস্থ্যকর খাবার গ্রহণের জন্য শরীরে থায়ামিন এবং অন্যান্য প্রয়োজনীয় ভিটামিনের ঘাটতি দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। ফলে শরীরে ঝিঁঝি ধরা, হাত-পা অবশ কিংবা টিংলিং (পেরিফেরাল নিউরোপ্যাথি) সমস্যা হয়ে থাকে।
দীর্ঘসময় ঝিঁঝি ধরার মতো সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। এছাড়া কোনো অঙ্গে নিয়মিত ঝিঁঝি ধরার ঘটনা ঘটলে বা বারবার ঝিঁঝি ধরলেও চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
সূত্র : ওয়েব এমডি

