হাম ও উপসর্গে এক দিনে আরও ১৭ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ৫৪৫ শিশুর মৃত্যু হলো।
সোমবার (২৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত হাম ও হামের উপসর্গে ১৭ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭ জনে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৫৮ জন।
হাম আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে ঢাকায় ৬ জন, সিলেটে ৩ জন, রাজশাহী, চট্টগ্রাম ও বরিশালে ২ জন করে এবং ময়মনসিংহে একজন মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় ৯৭ নিশ্চিত সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭১৯ জন। একই সময়ে ১ হাজার ১২৭ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৯৪০ জনে।
