logo

হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত ৫৮৫ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত ৫৮৫ শিশুর মৃত্যু
ছবি : সংগৃহীত

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুই শিশু মারা গেছে। এ সময় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৭৭ জন। এর মধ্যে হাম নিশ্চিত শনাক্ত হয়েছে ৫৩ শিশুর। আর উপসর্গ ছিল এক হাজার ৩২৪ শিশুর।

শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে আক্রান্ত দুই শিশুর মধ্যে একটি শিশু ঢাকা ও অন্য শিশু বরিশালে মারা গেছে।

রোববার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৮৫ শিশু মারা গেছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৯৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও বলছে, ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৭০ হাজার ৯৩৬ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬ হাজার ৮৮৬ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৫২ হাজার ৮৪১ শিশু বাড়ি ফিরেছে।

গত ১৫ মার্চ থেকে দেশে ৯ হাজার ৪৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।