logo

পুরুষদের তুলনায় নারীদের বেশি শীত লাগে কেন, বিজ্ঞান কী বলছে

পুরুষদের তুলনায় নারীদের বেশি শীত লাগে কেন, বিজ্ঞান কী বলছে
পুরুষদের তুলনায় নারীদের বেশি শীত লাগে কেন। ছবি: দ্য সান

এসি রুমে একই তাপমাত্রায় পুরুষদের শীত লাগে না, অথচ নারীদের শীত লাগে। অনেক নারী ২০/২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও শীতে কাঁপতে থাকেন। শীতকালেও নারীরা পুরুষদের তুলনায় বেশি শীত অনুভব করেন। কখনো কি ভেবে দেখেছেন কেন এরকম হয়? লিঙ্গভেদে শীতের অনুভূতি আলাদা হওয়ার কারণ কী?

অনেক সময় পুরুষরা স্বাভাবিক তাপমাত্রায় স্বস্তিতে থাকলেও নারীরা গরম পোশাক বা কম্বল খুঁজতে শুরু করেন। চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, এর পেছনে নারী ও পুরুষের শরীরের গঠন, হরমোন ও রক্ত সঞ্চালনের কিছু পার্থক্য আছে।

Advertisement

পেশির পরিমাণ ও বিপাকীয় হার

নারীদের তুলনায় পুরুষদের শরীরে সাধারণত পেশির পরিমাণ বেশি থাকে। পেশি শরীরের তাপ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে পেশির পরিমাণ বেশি হলে শরীর তুলনামূলক বেশি তাপ তৈরি করতে পারে।

অন্যদিকে, নারীদের বিপাকীয় হার বা মেটাবলিক রেট সাধারণত পুরুষদের তুলনায় কম। শরীর খাবার থেকে শক্তি উৎপাদনের সময় তাপ তৈরি করে। বিপাকীয় হার কম হলে শরীরে তাপ উৎপাদনের পরিমাণও তুলনামূলক কম হতে পারে। এ কারণে নারীরা বেশি ঠান্ডা অনুভব করেন।

হাত-পা বেশি ঠান্ডা হওয়ার কারণে

নারীদের শরীরের ভেতরের তাপমাত্রা পুরুষদের তুলনায় সামান্য বেশি হতে পারে। তবে আশ্চর্যের বিষয় হলো, তাদের হাত-পায়ের তাপমাত্রা অনেক সময় পুরুষদের তুলনায় কম থাকে।

এর একটি কারণ হলো রক্ত সঞ্চালনের ধরন। ঠান্ডা পরিবেশে শরীর গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ অঙ্গগুলো উষ্ণ রাখতে হাত-পায়ের মতো বাইরের অংশে রক্তপ্রবাহ কমিয়ে দিতে পারে। নারীদের ক্ষেত্রে ঠান্ডার প্রতিক্রিয়ায় রক্তনালি সংকুচিত হওয়ার প্রবণতা বেশি দেখা যায়। ফলে হাত-পা দ্রুত ঠান্ডা হয়ে যায়।

শরীরের চর্বি ও গঠনের প্রভাব

নারীদের শরীরে সাধারণত পুরুষদের তুলনায় চর্বির পরিমাণ বেশি থাকে। শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলোকে উষ্ণ রাখতে চর্বি সহায়তা করলেও পেশির মতো তাপ উৎপাদন করতে পারে না।

এ ছাড়া শরীরের আকার ও ত্বকের আয়তনের অনুপাতও তাপ কমবেশি হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে। এসব কারণে নারীদের ঠান্ডার অনুভূতি বেশি হয়।

হরমোনের প্রভাবেও বাড়ে ঠান্ডার অনুভূতি

নারীদের শরীরে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের ওঠানামা শরীরের তাপমাত্রা এবং ঠান্ডা অনুভূতির ওপর প্রভাব ফেলে।

বিশেষ করে ডিম্বস্ফোটনের সময় ইস্ট্রোজেনের মাত্রা বাড়তে পারে। এতে রক্তনালির প্রসারণ ঘটে ও ত্বকের মাধ্যমে শরীরের তাপ বেরিয়ে যাওয়ার পরিমাণ বাড়তে পারে। আবার ডিম্বস্ফোটনের পর প্রোজেস্টেরনের মাত্রা বাড়লে শরীরের ভেতরের তাপমাত্রাও কিছুটা বেড়ে যায়।

এ ছাড়া জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করলেও শরীরের তাপমাত্রা ও রক্তপ্রবাহে পরিবর্তন আসতে পারে। ফলে কারও কারও শীত লাগার প্রবণতা বেড়ে যায়।

কখন সতর্ক হওয়া প্রয়োজন?

সাধারণত নারী-পুরুষের শরীরের গঠন ও হরমোনের পার্থক্যের কারণে নারীদের বেশি শীত অনুভব হয়। তবে অতিরিক্ত ঠান্ডা লাগার সঙ্গে হাত-পায়ে অবশ ভাব, দুর্বলতা, ফোলাভাব, ব্যথা বা রক্ত সঞ্চালনের সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষ করে আঙুলের রং বারবার সাদা বা নীল হয়ে গেলে বিষয়টি একদমই অবহেলা করা উচিত না।