ওজন নিয়ন্ত্রণে চিয়া সিড খাওয়ার সঠিক সময় জানালেন পুষ্টিবিদ

স্বাস্থ্য সচেতন মানুষের কাছে এখন বেশ জনপ্রিয় একটি খাবার হলো চিয়া সিড। ছোট ছোট এই বীজে রয়েছে প্রচুর পুষ্টিগুণ, তাই একে অনেকেই ‘সুপারফুড’ বলে থাকেন। ওজন নিয়ন্ত্রণ থেকে শুরু করে হজমশক্তি ভালো রাখা পর্যন্ত নানা উপকারে আসে চিয়া সিড। তবে পুষ্টিবিদরা বলছেন, শুধু খেলে হবে না, সঠিক সময় ও নিয়ম মেনে খাওয়াটাও খুব গুরুত্বপূর্ণ।
চিয়া সিড মূলত সালভিয়া হিসপানিকা নামের মিন্টজাতীয় উদ্ভিদের বীজ। এতে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ফাইবার, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, পটাশিয়াম এবং বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। এসব উপাদান শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পুষ্টিবিদদের মতে, যারা ওজন কমাতে চান তাদের জন্য চিয়া সিড বেশ উপকারী। কারণ, এতে থাকা প্রচুর ফাইবার দীর্ঘ সময় পেট ভরা রাখে। ফলে ঘন ঘন ক্ষুধা লাগে না এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতাও কমে যায়। এতে ক্যালরি নিয়ন্ত্রণ সহজ হয়।
তবে চিয়া সিড খাওয়ার ক্ষেত্রে সময় নির্বাচনও গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, রাতে ঘুমানোর ঠিক আগে চিয়া সিড খাওয়া ঠিক নয়। কারণ, এটি হজম হতে সময় নেয় এবং ঘুমের সময় পেটে অস্বস্তি বা ভারী ভাব তৈরি করতে পারে।
আবার খাবারের ঠিক আগে চিয়া সিড খাওয়ারও পরামর্শ দেন না পুষ্টিবিদরা। এতে আগে থেকেই পেট ভরে যেতে পারে, ফলে মূল খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টি ঠিকমতো না-ও পাওয়া যেতে পারে।
ওয়ার্কআউটের আগেও চিয়া সিড খাওয়া এড়িয়ে চলতে বলা হয়। কারণ এটি পেট ভর্তি অনুভূতি তৈরি করে, যা শরীরচর্চার সময় অস্বস্তি বাড়াতে পারে।

চিয়া সিড খাওয়ার সবচেয়ে ভালো সময় হিসেবে অনেক পুষ্টিবিদ সকাল বা দিনের প্রথম ভাগকে গুরুত্ব দেন। সকালে ভিজিয়ে রাখা চিয়া সিড পানি, স্মুদি, দই বা ওটসের সঙ্গে খেলে তা দীর্ঘ সময় শক্তি জোগাতে সাহায্য করে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, শুকনো চিয়া সিড সরাসরি খাওয়া উচিত নয়। চিয়া সিড পানি শোষণ করে ফুলে যায়। তাই এটি খাওয়ার আগে অন্তত ২০ থেকে ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখা ভালো। পাশাপাশি পর্যাপ্ত পানি পান করাও জরুরি। না হলে ডিহাইড্রেশনের ঝুঁকি তৈরি হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, নিয়ম মেনে পরিমিত পরিমাণে চিয়া সিড খেলে ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি হজমশক্তি উন্নত হয় এবং শরীরও থাকে চাঙা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া




