logo

হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে একজনের। একই সময়ে ১ হাজার ২৩৬ জন হামে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ২৩৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯ হাজার ৮৮৩ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২৪ জন, গত ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩৯৮ জন।

১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৮৮৩ জন।

একই সময়ে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৪ হাজার ৬৩৫ জন। মৃত্যুর হিসেবে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সবচেয়ে বেশি ছয়জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।

একই সময়ে জেলার তালিকাতেও ঢাকায় সর্বোচ্চ ছয়জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত একজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২১ জনের।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ১০ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১২৮ জনের।