টাকা গোনার এই অভ্যাস ডেকে আনতে পারে ভয়ংকর স্বাস্থ্যঝুঁকি

টাকা গোনার সময় আঙুলে থুতু লাগানোর অভ্যাস অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয়। কিন্তু এই অভ্যাসের মাধ্যমে অজান্তেই শরীরে প্রবেশ করতে পারে বিভিন্ন ধরনের জীবাণু। কারণ, কাগজের নোট প্রতিদিন অসংখ্য মানুষের হাতে ঘোরে এবং এতে ব্যাকটেরিয়া, ছত্রাকসহ নানা অণুজীব জমা থাকতে পারে। আঙুলে থুতু লাগিয়ে বারবার নোট স্পর্শ করলে এসব জীবাণু সহজেই মুখে প্রবেশ করে সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, কাগজের নোটে ব্যাকটেরিয়া, ছত্রাক এবং অন্যান্য অণুজীব দীর্ঘ সময় টিকে থাকতে পারে। নোট এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির হাতে ঘুরতে ঘুরতে এতে ধুলাবালু, ঘাম, ময়লা ও নানা ধরনের জীবাণু জমা হয়।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ইউনিভার্সিটির গবেষকদের পরিচালিত ডার্টি মানি প্রজেক্টেও বিভিন্ন কাগজের নোটে হাজারো ধরনের অণুজীবের উপস্থিতি পাওয়া গেছে। তবে এসব জীবাণু থাকলেই যে সবাই অসুস্থ হয়ে পড়বেন, এমনটি নয়। সংক্রমণের ঝুঁকি নির্ভর করে জীবাণুর ধরন, পরিমাণ এবং ব্যক্তির রোগ প্রতিরোধক্ষমতার ওপর।
কীভাবে বাড়ে সংক্রমণের ঝুঁকি?
আপনি যখন আঙুলে থুতু লাগিয়ে টাকা গোনেন, তখন নোটে থাকা জীবাণু সহজেই আঙুলের মাধ্যমে মুখে প্রবেশ করতে পারে। আবার আপনার মুখে যদি কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া থাকে, তাহলে সেটিও টাকার মাধ্যমে অন্য মানুষের কাছে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।
কী ধরনের সমস্যা হতে পারে?
বিশেষজ্ঞদের মতে, দূষিত নোটের মাধ্যমে বিভিন্ন ধরনের জীবাণু শরীরে প্রবেশ করলে কিছু সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। এর মধ্যে রয়েছে -
- ডায়রিয়া, বমি ও পেটের সংক্রমণ
- সালমোনেলা বা ই. কোলাই ব্যাকটেরিয়ার কারণে খাদ্যবাহিত রোগের ঝুঁকি
- ত্বকের সংক্রমণ, যদি ক্ষতস্থানের মাধ্যমে জীবাণু প্রবেশ করে
- যাদের রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল, তাদের ক্ষেত্রে কিছু সংক্রমণের ঝুঁকি তুলনামূলক বেশি হতে পারে
তবে এসব রোগ শুধু টাকা স্পর্শ করার কারণেই হবে, এমনটি নিশ্চিতভাবে বলা যায় না। সংক্রমণের জন্য আরও নানা বিষয় ভূমিকা রাখে।
কী করবেন
স্বাস্থ্য বিশেষজ্ঞরা কয়েকটি সহজ অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন।
- টাকা গোনার সময় কখনোই আঙুলে থুতু লাগাবেন না।
- টাকা ধরার পর খাবার খাওয়ার আগে বা মুখে হাত দেওয়ার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নিন।
- প্রয়োজনে আঙুল ভেজানোর জন্য পানি বা বিশেষ ফিঙ্গার ময়েশ্চার প্যাড ব্যবহার করতে পারেন।
- দোকান বা অফিসে কাজ করলে নিয়মিত হাত পরিষ্কার রাখার অভ্যাস করুন।
ছোট একটি অভ্যাস বদলে ফেললেই অনেক ধরনের সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব। তাই টাকা গোনার সময় থুতু ব্যবহার না করে স্বাস্থ্যসম্মত পদ্ধতি অনুসরণ করাই সবচেয়ে নিরাপদ।
সূত্র: টিভি ৯




