হাম ও উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১০৮ জনের মধ্যে সন্দেহজনক হাম সংক্রমণ শনাক্ত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টা থেকে বুধবার (১৫ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত সময়ে মারা যাওয়া তিন শিশুর মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত ছিল একজন ও দুই জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। মারা যাওয়া শিশুর মধ্যে তিনজনই ঢাকার।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। যার মধ্যে ৫০৫ জনই ঢাকার। হামের উপসর্গ নিয়ে একই সময় হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬৬ শিশু। যার ৩১৫ জনই ঢাকার। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৭৬। যার মধ্যে ৬১ জনই ঢাকার।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছে ৪৬৮ শিশু। ছাড় পাওয়া ২৯ শিশু বরিশালের, ৬৯ শিশু চট্টগ্রামের, ২০৫ শিশু ঢাকার, ৯৪ শিশু খুলনার, ৫ শিশু ময়মনসিংহের, ৪৮ শিশু রাজশাহীর, ১ শিশু রংপুরের, ১৭ শিশু সিলেটের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩২ শিশুর মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয় ১৬৬ জনের।
এ ছাড়া হামের উপসর্গ পাওয়া ১৯ হাজার ১৬১ শিশুর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১২ হাজার ৩১৮ শিশু। তাদের মধ্যে ২ হাজার ৯৭৩ শিশুর হাম শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৯ হাজার ৭৭২ শিশু বাসায় ফিরেছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।