অনিয়ম রোধে কোনো ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে অনিয়ম রোধে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
রোববার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এই কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত পাঁচ বছর টিকাদান কর্মসূচির ঘাটতিই বর্তমান সংকটের মূল কারণ। দেশের স্বাস্থ্য ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এবার হার্ডলাইনে মন্ত্রণালয়। প্রশাসন, স্বাস্থ্যকর্মী ও ওষুধ কোম্পানিকে চলতে হবে এক সরলরেখায়। অনিয়ম রোধে কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, স্বাস্থ্যের অনেক কেনাকাটায় দুর্নীতি হয়। মানহীন কোম্পানিগুলো সুযোগ পেলেও আটকে আছে মানসম্মত প্রতিষ্ঠান। বিশেষ করে হামের টিকাসহ কেনাকাটার নির্দিষ্ট সিন্ডিকেট ভাঙার ঘোষণা দেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জানান, গত পাঁচ বছরে টিকাদান কর্মসূচির ঘাটতিই বর্তমান সংকটের মূল কারণ। তবে শুধু পরিকল্পনা নয়, এবার প্রয়োগের মাধ্যমে দৃশ্যমান পরিবর্তনের আশ্বাস তার।
সরদার সাখাওয়াত হোসেন বলেন, হামের টিকায় এমন প্রক্রিয়া করা হয় যাতে কিছু কোম্পানিই শুধু কাজ পায়। স্বাস্থ্যের সকল খাতে দুর্নীতি বন্ধ করতে হবে। ১০০ ভাগ করে দুর্নীতিমুক্ত করে ফেলব।
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, সরকার থেকে শুরু করে ডাক্তার, নার্স কিংবা ফার্মাসিউটিক্যালস প্রডিউসারদের মতো স্বাস্থ্যসেবায় সম্পৃক্ত সকলে যদি দুর্নীতির বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ না করি তাহলে এই খাতে উন্নতি হবে না কখনই।
তিনি বলেন, অনেক চেষ্টা করছি, কতটুকু পারব জানি না। প্রশাসন, স্বাস্থ্যকর্মী, ওষুধ কোম্পানি...সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। না হলে উন্নতি হবে না।
মন্ত্রী আরও বলেন, অনেক কোম্পানির ওষুধে সঠিক উপাদান নেই। তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছিল বাজারে ওষুধ ছাড়ার। আবার ভালো অনেক কোম্পানিকে আটকে রাখা হয়েছে। এর পেছনের কারণ কি? নৈতিকতার এক রেখায় আসতে হবে তিন খাতকে। না হলে টেকসই উন্নতি হবে না।