গ্যাস ভেবে কি এড়িয়ে যাচ্ছেন, গলব্লাডার ক্যানসারও হতে পারে

পেটে মাঝে মাঝে ব্যথা হয়? যদি ভাবেন এটা শুধু গ্যাস বা অম্বলের কারণে, একটু সাবধান হোন। সব ব্যথাই সাধারণ গ্যাসের কারণে হয় না। কখনো কখনো এর পেছনে লুকিয়ে থাকতে পারে মারাত্মক অসুখ- গলব্লাডার বা পিত্তথলির ক্যানসার। এটি শুরুতে খুব বেশি লক্ষণ দেখায় না, তাই সময়মতো ধরা পড়ে না।
গলব্লাডার ক্যানসার সাধারণ নয়, কিন্তু একবার হলে তা ভয়ংকর হয়ে উঠতে পারে। পিত্তথলি হল যকৃতের নিচে থাকা ছোট একটি অঙ্গ, যেখানে হজমের জন্য প্রয়োজনীয় রস জমা থাকে।
প্রাথমিক উপসর্গগুলো সাধারণ সমস্যার মতো মনে হওয়ায় মানুষ অনেক সময় গুরুত্ব দেয় না এবং দেরিতে চিকিৎসা নেন। তবে কয়েকটি লক্ষণ আগে থেকেই চিনে নিলে সময়মতো চিকিৎসা নেওয়া সম্ভব। এখানে ৫টি গুরুত্বপূর্ণ লক্ষণ দেওয়া হলো:
ডান দিকের পেটের উপরের অংশে ব্যথা বা অস্বস্তি : ডান পাঁজরের নিচে মাঝে মাঝে ভারী ভাব, চাপ বা টান অনুভব হলে সেটাকে গ্যাস মনে না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
খাওয়ার পর বমিভাব বা অস্বস্তি : অল্প খাওয়ার পরও যদি গা গুলিয়ে ওঠে বা অস্বস্তি লাগে, সেটা হজমের সমস্যা নয়, ক্যানসারের লক্ষণও হতে পারে। কয়েক সপ্তাহ ধরে এমন হলে ডাক্তার দেখানো প্রয়োজন।
হঠাৎ ওজন কমে যাওয়া বা খাওয়ার রুচি কমে যাওয়া : খাওয়ার ইচ্ছা কমে যাওয়া বা ওজন কমা অনেক রোগের লক্ষণ হতে পারে, কিন্তু গলব্লাডার ক্যানসারেও এমন হয়। খাবার ঠিকভাবে শোষিত না হলে শক্তির অভাব দেখা দেয়।
চোখ বা ত্বকে হলদে ভাব (জন্ডিসের লক্ষণ) : চোখ বা ত্বকে হালকা হলদে রং দেখা, চুলকানি, গাঢ় প্রস্রাব এবং ফ্যাকাসে মল দেখা দিলে খেয়াল রাখা দরকার। গলব্লাডার ক্যানসারে এই ধরনের উপসর্গ দেখা দিতে পারে।
সবসময় ক্লান্ত লাগা বা দুর্বলতা : ঘুমিয়েও ক্লান্তি কাটছে না, সবসময় অবসন্ন লাগে - শুধু কাজের চাপ নয়, এর পেছনে বড় কোনো কারণ থাকতে পারে। এই ধরনের ক্লান্তি পিত্তথলির ক্যানসারে দেখা যেতে পারে।
যে কোনো অস্পষ্ট উপসর্গ যদি দীর্ঘদিন ধরে থাকে, অবহেলা না করে চিকিৎসকের সঙ্গে পরামর্শ নেওয়া উচিত। ক্যানসার যত আগে ধরা পড়ে, চিকিৎসা তত সহজ হয়।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া