ব্যবসা নয়, মানবসেবাই আমাদের মূল লক্ষ্য: হালিমুজ্জামান

এশিয়া পোস্ট প্রতিবেদক
ব্যবসা নয়, মানবসেবাই আমাদের মূল লক্ষ্য: হালিমুজ্জামান
কথা বলছেন হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হালিমুজ্জামান। ছবি: এশিয়া পোস্ট

ঢাকার শ্যামলীতে আধুনিক প্রযুক্তি ও উন্নত মানের চিকিৎসাসেবা প্রদানের অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের দ্বিতীয় ইউনিট (ইউনিট-২)। দেশের অন্যতম নির্ভরযোগ্য এই স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠানের নতুন শাখা চালুর মধ্য দিয়ে আন্তর্জাতিক মানের সেবা প্রাপ্তি আরও সহজ হলো বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর শ্যামলীর ‘সন্ধানী লাইফ টাওয়ারে’ নতুন শাখাটির শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির মহাসচিব মো. হালিমুজ্জামান বলেন, ব্যবসায়িক মুনাফাকে দ্বিতীয় সারিতে রেখে সাধারণ মানুষের সেবা করাকেই আমরা মূল লক্ষ্য হিসেবে নিয়েছি। আন্তর্জাতিক মানের ডায়াগনস্টিক সেবা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। নতুন এই ইউনিটে সর্বাধুনিক প্রযুক্তি, দ্রুত ও নির্ভুল রিপোর্টিং ব্যবস্থা এবং অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।

মানসম্মত সেবা বজায় রাখার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, ডায়াগনস্টিক সেবার ক্ষেত্রে সঠিক সরঞ্জাম, মানসম্মত রিয়েজেন্ট এবং দক্ষ জনবল নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ বিষয়ে কোনো আপস করা হবে না। গুণগত মান অক্ষুণ্ণ রাখার কারণেই আমাদের প্রতিষ্ঠানটি দ্রুত মানুষের আস্থা অর্জন করতে পেরেছে।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক উম্মেল খায়রে ফাতেমা খান মজলিশ বলেন, সঠিক ও নির্ভুল রোগ নির্ণয় ছাড়া কোনো রোগীকে যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব নয়। হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস যেভাবে দেশের ওষুধ শিল্পে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছে, ঠিক একইভাবে হেলথকেয়ার ডায়াগনস্টিককেও নির্ভরযোগ্য ও শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।

অন্যান্য বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে আধুনিক চিকিৎসাসেবায় সঠিক ও সময়োপযোগী রোগ নির্ণয়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রওশন জাহান আখতার এবং ব্রিগেডিয়ার জেনারেল ডা. মুখলাসুর রহমান।

এ ছাড়া অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক নাঈম এমডি জুনায়েদ, মো. মোকাররম হোসেন, নির্বাহী পরিচালক এম. এইচ. এম. মুর্তজা, মো. হাফিজুর রহমান ও সহযোগী পরিচালক মো. শামীম ফেরদৌসসহ দেশের বিশিষ্ট চিকিৎসকমণ্ডলী, বিভিন্ন করপোরেট ব্যক্তিত্ব ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।