কমলালেবুর বিচি গিলে ফেললে কি ক্ষতি হয়, যা জানা জরুরি

কমলালেবু খেতে ভালোবাসেন। মিষ্টি ও রসালো এই ফল খাওয়ার সময় কখনো কখনো অসাবধানতাবশত দু-একটি বিচি মুখের সঙ্গে পেটে চলে যায়। তখন অনেকের মনে প্রশ্ন জাগে, কমলালেবুর বিচি গিলে ফেললে কি শরীরের কোনো ক্ষতি হতে পারে? পেটে কি সত্যিই গাছ জন্মায়? নাকি এ নিয়ে দুশ্চিন্তার আসলে কোনো কারণ নেই?
বিশেষজ্ঞদের মতে, কমলালেবু খাওয়ার সময় ভুল করে একটি বা দুটি বিচি গিলে ফেললে সাধারণত উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। বিচি আস্ত অবস্থায় গিলে ফেললে তা সাধারণত হজম না হয়েই পরিপাকতন্ত্রের মধ্য দিয়ে বেরিয়ে যায়। তবে বেশি পরিমাণে বিচি চিবিয়ে খেলে পেটে অস্বস্তি হলেও হতে পারে। তাই বিষয়টি নিয়ে প্রচলিত ধারণা ও বাস্তব তথ্যের পার্থক্য জানা দরকার। চলুন জেনে নিই।
কমলালেবুর বিচি পেটে গেলে কি তা হজম হয়
কমলালেবুর বিচির বাইরের আবরণ শক্ত। তাই বিচি আস্ত অবস্থায় গিলে ফেললে পাকস্থলীর অ্যাসিড ও হজমকারী এনজাইম সাধারণত এর আবরণ পুরোপুরি ভাঙতে পারে না। ফলে বিচিটি পরিপাকতন্ত্রের মধ্য দিয়ে এগিয়ে গিয়ে মলের সঙ্গে শরীর থেকে বেরিয়ে যায়।
এ কারণে ভুল করে একটি বা দুটি বিচি গিলে ফেললে সাধারণত বিশেষ কোনো চিকিৎসার দরকার হয় না। তবে শরীর থেকে বের হতে ঠিক কত সময় লাগবে, তা ব্যক্তিভেদে এবং পরিপাকতন্ত্রের স্বাভাবিক গতির ওপর নির্ভর করে।
কমলালেবুর বিচি কি বিষাক্ত?
কমলালেবুর বিচি গিলে ফেললেই বিষক্রিয়া হবে, এমন ধারণার কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। অল্প কয়েকটি বিচি ভুল করে গিলে ফেললে সাধারণত ক্ষতির আশঙ্কা খুবই কম।
তবে বিচি চিবিয়ে বা গুঁড়ো করে বেশি পরিমাণে খাওয়ার বিষয়টি আলাদা। কিছু ফলের বিচিতে এমন যৌগ থাকতে পারে, যা ভাঙার পর অল্প পরিমাণে সায়ানাইড তৈরি করে। কমলালেবুর বিচি নিয়েও এ ধরনের যৌগের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। তবে কতটা বিচি খেলে ক্ষতি হবে, তার নির্দিষ্ট নিরাপদ বা বিপজ্জনক সীমা প্রতিষ্ঠিত না এখনো।
তাই কমলালেবুর বিচি ইচ্ছা করে বেশি পরিমাণে চিবিয়ে খাওয়ার প্রয়োজন নেই। অল্প কয়েকটি বিচি ভুল করে গিলে ফেললে আতঙ্কিত হওয়ারও কোনো কারণ নেই।
পেটে কমলালেবুর বিচি গেলে কি গাছ জন্মায়?
ছোটবেলায় অনেকেই শুনেছেন, ফলের বিচি গিলে ফেললে পেটের ভেতর গাছ জন্মায়। বাস্তবে এটি একটি প্রচলিত ভুল ধারণা।
যে কোনো বীজের অঙ্কুরোদ্গমের জন্য উপযুক্ত পরিবেশ, আর্দ্রতা, অক্সিজেন এবং অন্যান্য অনুকূল পরিস্থিতি প্রয়োজন হয়। পাকস্থলীর পরিবেশে বীজের অঙ্কুরিত হয়ে গাছে পরিণত হওয়ার বাস্তব সুযোগ নেই। পাকস্থলীর অ্যাসিডও বীজের অঙ্কুরোদ্গমের অনুকূল না।
তাই ভুল করে কমলালেবুর বিচি গিলে ফেললে পেটের ভেতর গাছ জন্মানোর আক্ষরিক কোনো ভয় নেই।
বেশি বিচি খেলে কি পেটে ব্যথা হতে পারে?
একটি বা দুটি বিচি গিলে ফেললে সাধারণত তেমন সমস্যা হয় না। তবে অনেকগুলো বিচি একসঙ্গে চিবিয়ে বা গিলে ফেললে কারও কারও পেটে অস্বস্তি, পেট ফাঁপা, বমি বমি ভাব অথবা পেট মোচড়ানোর মতো সমস্যা হতে পারে।
এ ধরনের উপসর্গ দেখা দিলে কতটা বিচি খাওয়া হয়েছে এবং উপসর্গ কতটা তীব্র, তা খেয়াল করা জরুরি। বেশি পরিমাণে বিচি খাওয়ার পর পেটব্যথা, বমি, মাথা ঘোরা বা অন্য অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
শিশুদের ক্ষেত্রে কী আলাদা সতর্কতা প্রয়োজন?
ছোট শিশুদের ফল খাওয়ানোর সময় বিচি সরিয়ে দেওয়াই সবচেয়ে ভালো। কারণ শক্ত ও ছোট বিচি গেলার সময় শ্বাসনালিতে চলে গেলে দম আটকে যাওয়ার ঝুঁকি থাকে।
কোনো শিশু বিচি গেলার পর হঠাৎ কাশতে শুরু করলে, শ্বাস নিতে কষ্ট হলে অথবা কথা বলতে না পারলে দ্রুত জরুরি চিকিৎসা নিন। এ ক্ষেত্রে সমস্যাটি বড়দের মতো বিচির বিষাক্ততা না, বরং শ্বাসনালিতে আটকে যাওয়ার ঝুঁকি।
কমলালেবুর বিচি গিলে ফেললে কী করবেন?
ভুল করে একটি বা দুটি বিচি গিলে ফেললে সাধারণত বিশেষ কিছু করার প্রয়োজন নেই। এমতাবস্থায় স্বাভাবিকভাবে খাবার ও পানি গ্রহণ করতে পারেন। বিচি বের করে দেওয়ার জন্য জোর করে বমি করানোর চেষ্টাও করার দরকার নেই।
তবে অনেকগুলো বিচি চিবিয়ে খেয়ে ফেললে এবং তার পরে বমি, পেটব্যথা বা মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। শ্বাসকষ্ট হলে অবশ্যই অপেক্ষা না করে জরুরি চিকিৎসা নিন।
কমলালেবু খাওয়ার সময় ভুল করে দু-একটি বিচি গিলে ফেললে সাধারণত ভয় পাওয়ার প্রয়োজন নেই। বেশির ভাগ ক্ষেত্রে বিচি পরিপাকতন্ত্রের মধ্য দিয়ে স্বাভাবিকভাবে বেরিয়ে যায়। পেটের ভেতর গাছ জন্মানোর ধারণাটিও সম্পূর্ণ ভিত্তিহীন। তবে বিচি বেশি পরিমাণে চিবিয়ে খাওয়া এড়িয়ে চলুন এবং ছোট শিশুদের ফল খাওয়ানোর সময় সতর্ক থাকুন। কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন।
সূত্র: ভারতভিত্তিক সংবাদমাধ্যম টিভি ৯ বাংলাতে ‘খেয়ে তো আমরা ফেলি কিন্তু কমলালেবুর বীজ পেটে চলে গেলে কী হয় জানেন?’ শিরোনামে প্রকাশিত আর্টিকেলের সম্পাদনা করেছেন সারিকা সাইয়ারা।
