logo

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত
ছবি: সংগৃহীত

ছয় দফা দাবি বাস্তবায়নের আশ্বাস পাওয়ার পর চলমান কর্মবিরতি স্থগিত করেছেন ইন্টার্ন ও পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকেরা। একই সঙ্গে তারা ক্লাস ও পরীক্ষায় ফেরার ঘোষণা দিয়েছেন।

সোমবার (৮ জুন) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত বৈঠক শেষে এ ঘোষণা দেন ডা. নাবিল বিন কাশেম। তিনি ইন্টার্ন ডক্টরস সোসাইটির সাধারণ সম্পাদক।

ডা. নাবিল বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে চিকিৎসকদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে সেগুলো আনুষ্ঠানিকভাবে বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়ায় মঙ্গলবার থেকে কর্মবিরতি ও আন্দোলন সাত কার্যদিবসের জন্য স্থগিত রাখা হবে।

এর আগে, এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলো যৌক্তিক। এ কারণে আলোচনার মাধ্যমে সেগুলোর সমাধানে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে।

তিনি জানান, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা বর্তমান ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯ম গ্রেডের মূল বেতনের সমপরিমাণ ২২ হাজার টাকা করার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে এফসিপিএস প্রশিক্ষণরত চিকিৎসকদের নবম গ্রেডের সমপর্যায়ের সুযোগ-সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্য সচিব আরও বলেন, নতুন পে-স্কেল বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন ও পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকদের ভাতা আনুপাতিক হারে বৃদ্ধি করা হবে। এ ছাড়া এফসিপিএস পার্ট-১ এবং এমডি/এমএস (ফেজ-১) পরীক্ষায় উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের মাসিক ভাতা নিয়মিত পরিশোধের ব্যবস্থা করা হবে।

তিনি জানান, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে এবং বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়টি বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।

এ ছাড়া বিসিপিএস ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফি যৌক্তিক পর্যায়ে নির্ধারণ এবং বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও মেডিকেল কলেজে কর্মরত চিকিৎসকদের জন্য সম্মানজনক বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।