হামে আরও ৩ শিশুর মৃত্যু

এশিয়া পোস্ট ডেস্ক
হামে আরও ৩ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিশু মায়ের কোলে। ছবি : সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৭৪৫ জনের।

বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৭৪৫ জন। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর।

সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৭৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৮ হাজার ১৮০।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ১০৬। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ৭০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯১ হাজার ২৭০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৭ হাজার ৬২৮ রোগী।