সোসাইটি অব স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পেশাগত মর্যাদা বৃদ্ধি ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় নিয়ে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি চিকিৎসকদের জাতীয় পেশাজীবী সংগঠন সোসাইটি অব স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট’র (এসএসএলটি) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সাভারের সিআরপিতে অনুষ্ঠিত সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য, নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং সাধারণ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সংগঠনের বর্তমান সাংগঠনিক ও আর্থিক অবস্থান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফিদা আল শামস। সাধারণ সম্পাদক তাহমিনা সুলতানা এবং কোষাধ্যক্ষ রাজু আহমেদ সজীব সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের নির্বাহী সদস্য মো. সাজ্জাদ হোসেন।
সভার মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলে (বিআরসি) নিবন্ধন প্রক্রিয়া শুরু হওয়া, যাকে বক্তারা পেশার ইতিহাসে এক অভূতপূর্ব সাফল্য হিসেবে অভিহিত করেন।
নেতৃবৃন্দ জানান, দীর্ঘ সংগ্রামের মাধ্যমে সংগঠনটি আজ আইনি স্বীকৃতি অর্জনে সক্ষম হয়েছে এবং জাতীয় পর্যায়ে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। এছাড়া সংগঠনের অখণ্ডতা ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সভায় সাধারণ পরিষদের সদস্যদের মতামত গ্রহণ ও গুরুত্বপূর্ণ গঠনতান্ত্রিক সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, এই সাফল্য কোনো একক অর্জন নয়, বরং সকল সদস্যের ঐক্য, অটল আস্থা ও নিরলস প্রচেষ্টার ফসল। সংগঠনের নীতিমালা ও গঠনতন্ত্রের প্রতি দায়বদ্ধ থেকে পেশাগত মানোন্নয়নে কাজ করার ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন। সভার এক পর্যায়ে নিবন্ধন প্রক্রিয়া সংক্রান্ত আইনি দিক এবং সংগঠনের ভবিষ্যৎ করণীয় সম্পর্কে সদস্যদের বিস্তারিত অবহিত করা হয়।
বক্তারা আরও উল্লেখ করেন, এসএসএলটি প্রতিষ্ঠার শুরু থেকেই নৈতিক অবস্থানে অবিচল থেকেছে, যা পেশার মান রক্ষা ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সভায় সংগঠনের গঠনতান্ত্রিক নিয়ম-নীতি পরিবর্তন ও পরিমার্জনের বিষয়ে গঠনমূলক আলোচনা হয় এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।




