logo

শোকজের জবাব দিতে ৪৮ ঘণ্টা সময় পেল আদ্-দ্বীন

শোকজের জবাব দিতে ৪৮ ঘণ্টা সময় পেল আদ্-দ্বীন
আদ-দ্বীন হাসপাতালের ফটক। ছবি : সংগৃহীত

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দিতে আদ্-দ্বীন হাসপাতালের ৪৮ ঘণ্টা সময়সীমা বাড়ানোর আবেদন গ্রহণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (৭ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে আরও ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। সে অনুযায়ী আগামী ৯ জুন বিকাল ৫টার মধ্যে তাদের শোকজের জবাব দিতে হবে। হাসপাতালের পরিচালক শুক্র ও শনিবার বন্ধের দিন থাকায় তারা তাদের বক্তব্য প্রদান করতে পারেননি। তাই তারা সময় চেয়েছে। আমরাও মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে সময় বৃদ্ধির আবেদনের বিষয়ে কথা বলেছি।’

এদিকে শনিবার (৬ জুন) স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া গেছে। প্রতিবেদন পাওয়ার পর হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল করা হবে না, সে বিষয়ে ৭২ ঘণ্টার সময় বেঁধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, হাসপাতাল স্থাপনাসংক্রান্ত আইন ও বিধিমালা পর্যালোচনা করে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। হাসপাতালটির জবাব পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আদ্-দ্বীন কর্তৃপক্ষ। ভুক্তভোগী পরিবার এবং কর্তৃপক্ষের যৌথ আলোচনায় এই ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন সুপ্রিম সিনিয়র আইনজীবী শিশির মনির।

তিনি বলেন, ছয় শিশুর মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী প্রতি পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া আগে ঘোষিত অন্যান্য সুযোগ-সুবিধাও বহাল থাকবে। এ সময় সন্তানহারা প্রত্যেক পরিবারকে এর মধ্যে ১০ লাখ টাকা করে দেওয়া হয়েছে বলেও জানান এই আইনজীবী।

এর আগে, মৃত ছয় শিশুর পরিবারকে আজীবন বিনামূল্যে চিকিৎসাসহ ক্ষতিপূরণ, শিক্ষাসহায়তা এবং চাকরির প্রস্তাব দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দীর্ঘমেয়াদে থাকার এই ঘোষণা দেওয়া হয়। ভুক্তভোগী পরিবারের সদস্যরা আজীবন আদ্-দ্বীন হাসপাতাল এবং এর আওতাধীন প্রতিষ্ঠানগুলো থেকে ওষুধ ছাড়া সব ধরনের চিকিৎসা বিনামূল্যে পাবেন। এ ছাড়া আদ-দ্বীন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা বেতনে পড়ার সুবিধা ও আদ্-দ্বীনে চাকরির সুযোগ পাবেন।