দাঁত নষ্ট করছে যে ৫ অভ্যাস

দেহের গুরুত্বপূর্ণ অংশ দাঁত। অনেকেই দাঁতের নানা সমস্যায় ভোগেন। অল্প বয়স বা অসময়ে দাঁত ক্ষয় হয়ে যাওয়া এখন অনেকের সমস্যা। এই সমস্যায় আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। এই ক্ষতিগুলো আমরা নিজেরাই ডেকে আনছি। নিত্যদিনের অভ্যাসে আমরা এমন সব কাজ করি, যা নীরবে আমাদের ক্ষতি করছে। পাঁচটি অভ্যাস এমন, যা আমাদের দাঁতের ক্ষতি করছে। খুব ধীরে ধীরে ক্ষয় ধরছে, নষ্ট হয়ে যাচ্ছে দাঁত। চলুন জেনে নিই, কোন পাঁচ অভ্যাস দাঁত নষ্ট করে দিচ্ছে—
অতিরিক্ত চা, কফি বা নরম পানীয় পান
অনেকে নিয়ম করে প্রতিদিন একাধিকবার চা-কফি খেতে পছন্দ করেন। চা বা কফিতে থাকা ‘ট্যানিন’ দাঁতে কালচে ছোপ ফেলে দেয়। আবার কার্বোনেটেড পানীয় বা কোল্ড ড্রিঙ্কসে প্রচুর পরিমাণে চিনি এবং অ্যাসিড থাকে—যা দাঁতের ওপরিভাগের কঠিন স্তরে ক্ষয় ধরায়। ফলে দাঁত শিরশির করা বা ক্যাভিটির সমস্যা দেখা দেয়।
জোরে ব্রাশ করা
অনেকের ধারণা, জোরে ব্রাশ করলে দাঁত বেশি পরিষ্কার হয়। ফলে তারা জোরে ব্রাশ করেন। খুব জোরে বা শক্ত ব্রাশ ব্যবহার করলে দাঁতের এনামেল ক্ষয়ে যায়। মাড়ি নিচের দিকে নেমে যায়। এতে দাঁতের গোড়া সংবেদনশীল হয়ে পড়ে।
প্যাকেট খোলা বা শক্ত কিছু কামড়ানো
অনেকে আছেন চিপসের প্যাকেট, বোতলের ছিপি খোলা বা সুতা কাটা ইত্যাদি কাজে দাঁতের ব্যবহার করেন। দাঁত দিয়ে এগুলো কাটেন। এতে দাঁতে সূক্ষ্ম ফাটল দেখা দিতে পারে। যে কোনো সময় ভেঙে যেতে পারে দাঁত।
বারবার খাওয়ার অভ্যাস
কেউ কেউ কিছুক্ষণ পরপরই খাবার খেতে চান। এতে নানাবিধ ঝুঁকি আছে। কারণ খাবার খেলেই মুখের ভেতরের ব্যাক্টেরিয়া সেই খাবারের শর্করা ভেঙে অ্যাসিড তৈরি করে। যদি সারা দিনে বারে বারে অনেকবার অল্প অল্প করে মসলাদার খাবার বা মিষ্টি জাতীয় খাবার খেতে থাকেন, তবে দাঁত ক্রমাগত অ্যাসিডের সংস্পর্শে আসতে থাকে। এতে ক্যাভিটি দাঁত ক্ষয়ে যাওয়ার শঙ্কা বহুগুণে বেড়ে যায়।
খাওয়ার ঠিক পরেই ব্রাশ করা
টক ফল বা অ্যাসিডিক খাবার খাওয়ার সঙ্গে সঙ্গেই ব্রাশ করা ঠিক নয়। অ্যাসিডের কারণে দাঁতের এনামেল সাময়িকভাবে নরম হয়ে যায়। ওই অবস্থায় ব্রাশ করলে এনামেল দ্রুত ক্ষয়ে যাওয়ার শঙ্কা থাকে। খাওয়ার পর অন্তত ৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর ব্রাশ করুন।