logo

চা-কফি খাওয়া শিশুদের মধ্যে বাড়ছে মানসিক সমস্যার লক্ষণ, বলছে গবেষণা

চা-কফি খাওয়া শিশুদের মধ্যে বাড়ছে মানসিক সমস্যার লক্ষণ, বলছে গবেষণা
ছবি: জাপানিজ কফি কোং

আজকাল প্রাপ্তবয়স্কদের সঙ্গে সঙ্গে শিশুদের মধ্যেও চা, কফি ও কোমল পানীয় পানের প্রবণতা বাড়ছে। বাবা-মায়েরা হয়তো একে গুরুতর কিছু মনে করেন না। কিন্তু এসব পানীয়তে থাকা ক্যাফেইন শিশুদের ঘুম ও মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে, এই বিষয়টি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডনের ‘ইনস্টিটিউট অব সাইকিয়াট্রি, সাইকোলজি অ্যান্ড নিউরোসায়েন্স’-এর নতুন এই গবেষণায় দেখা গেছে, যেসব শিশু তুলনামূলক বেশি ক্যাফেইন গ্রহণ করে, তাদের ঘুমের সময় কমে যায়। এর পাশাপাশি মনোযোগ, মেজাজ ও আচরণসংক্রান্ত সমস্যার লক্ষণও বেশি দেখা যায়।

যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডনের গবেষকদের দ্বারা পরিচালিত এই গবেষণায় ৯-১১ বছর বয়সী প্রায় ৯ হাজার ৬০০ শিশুর তথ্য বিশ্লেষণ করা হয়। গবেষণায় শিশুদের ক্যাফেইন গ্রহণ, ঘুমের অভ্যাস ও মস্তিষ্কের গঠন পর্যবেক্ষণ করা হয়।

তবে শিশুদের ক্যাফেইন গ্রহণ নিয়ে গবেষকেরা সতর্ক করেছেন মাত্র। এটি সরাসরি শিশুদের মস্তিষ্ক বা মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে, এমন প্রমাণ এই গবেষণায় পাওয়া যায়নি।

ক্যাফেইন গ্রহণকারী শিশুদের মধ্যে কী দেখা গেছে?

গবেষণায় দেখা গেছে, যেসব শিশু বেশি ক্যাফেইনযুক্ত পানীয় পান করে, তারা তুলনামূলক কম সময় ঘুমায়। একই সঙ্গে তাদের মস্তিষ্কের বাইরের স্তর বা সেরিব্রাল কর্টেক্সের পৃষ্ঠের ক্ষেত্রফলেও কিছু পার্থক্য দেখা গেছে। মস্তিষ্কের এই অংশটি সিদ্ধান্ত নেওয়া, মনোযোগ ধরে রাখা ও আবেগ নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখে।

ছবি: সামা টিভি
ছবি: সামা টিভি

গবেষকেরা আরও লক্ষ্য করেন, বেশি ক্যাফেইন গ্রহণকারী শিশুদের মধ্যে মনোযোগ, মেজাজ ও আচরণসংক্রান্ত সমস্যার লক্ষণ তুলনামূলক বেশি। অর্থাৎ ক্যাফেইন গ্রহণের সঙ্গে শিশুদের ঘুম ও মানসিক স্বাস্থ্যের সম্পর্ক থাকতে পারে।

সপ্তাহে একবার পান করলেও দেখা গেছে মস্তিষ্কের পার্থক্য

কিংস কলেজ লন্ডনের এই গবেষণার একটি উল্লেখযোগ্য দিক হলো, সপ্তাহে মাত্র একবার ক্যাফেইনযুক্ত পানীয় পান করা শিশুদের মধ্যেও মস্তিষ্কের গঠনে কিছু পার্থক্য দেখা গেছে। তবে এর অর্থ এই না যে সপ্তাহে একবার ক্যাফেইন পান করলেই শিশুর মস্তিষ্কের ক্ষতি হবে। শিশুদের ক্যাফেইন গ্রহণের অভ্যাস নিয়ে আরও গবেষণার প্রয়োজন আছে। গবেষণাটিতে কেবল ক্যাফেইন গ্রহণের সঙ্গে মস্তিষ্কের গঠনের সম্পর্ক তুলে ধরেছে।

কোমল পানীয় থেকেই আসছে বেশি ক্যাফেইন

গবেষণায় অংশ নেওয়া শিশুদের ক্যাফেইন গ্রহণের প্রধান উৎস ছিল কোমল পানীয়। এ ছাড়া চা ও কফিও তাদের ক্যাফেইন গ্রহণের উৎস হিসেবে উঠে এসেছে। ক্যাফেইন আমাদের দৈনন্দিন জীবনে এতটাই পরিচিত হয়ে উঠেছে যে, অনেকেই শিশুদের ক্যাফেইন গ্রহণের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখেন না।

ছবি: টেকনোলজি নেটওয়ার্ক
ছবি: টেকনোলজি নেটওয়ার্ক

আগের কিছু গবেষণার তথ্য অনুযায়ী, প্রায় দুই-তৃতীয়াংশ শিশু সপ্তাহে অন্তত একবার ক্যাফেইন গ্রহণ করে। অথচ শিশুদের ক্যাফেইন গ্রহণ নিয়ে এখনো পর্যাপ্ত সচেতনতা নেই।

কম ঘুমের সঙ্গে মস্তিষ্কের পরিবর্তনের সম্পর্ক

ক্যাফেইন একটি উদ্দীপক উপাদান। এটি সাময়িকভাবে ঘুমঘুম ভাব কমিয়ে সতেজ অনুভূতি দিতে পারে। তবে অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ ঘুমের স্বাভাবিক নিয়মে ব্যাঘাত ঘটাতে পারে।

গবেষকদের ধারণা, ক্যাফেইনের কারণে ঘুমের সময় কমে যাওয়াও শিশুদের মস্তিষ্কের গঠনে দেখা দেওয়া পার্থক্যের একটি ব্যাখ্যা হতে পারে। শিশুদের মস্তিষ্কের বিকাশের জন্য পর্যাপ্ত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘুমের ঘাটতি মনোযোগ, আবেগ নিয়ন্ত্রণ ও দৈনন্দিন আচরণেও প্রভাব ফেলতে পারে।

ক্যাফেইনই কি মানসিক সমস্যার সরাসরি কারণ?

গবেষকেরা এ বিষয়ে সরাসরি কিছু জানাননি, সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। গবেষণায় ক্যাফেইন গ্রহণ ও মানসিক সমস্যার মধ্যে সম্পর্ক পাওয়া গেলেও এটি সরাসরি কারণ হিসেবে প্রমাণিত হয়নি।

ছবি: থিংক নিউরোলজি ফর কিডস
ছবি: থিংক নিউরোলজি ফর কিডস

শিশুদের খাদ্যাভ্যাস, কোমল পানীয়তে থাকা অতিরিক্ত চিনি আর জীবনযাপনের অন্যান্য অভ্যাসও এসব ফলাফলে ভূমিকা রাখতে পারে। অর্থাৎ ক্যাফেইন গ্রহণকারী শিশুদের মধ্যে মানসিক সমস্যার লক্ষণ বেশি দেখা গেলেও শুধু ক্যাফেইনকেই এর জন্য দায়ী করা যাবে না। বিষয়টি নিশ্চিত করতে আরও গবেষণার দরকার আছে।

শিশুদের খাবার ও পানীয়ের অভ্যাসের দিকে অভিভাবকদের নজর দেওয়া জরুরি। বিশেষ করে কোমল পানীয়, চা ও কফি কতটা পান করছে, তা খেয়াল রাখা উচিত। পাশাপাশি শিশুদের পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে।

শিশুদের ক্যাফেইন গ্রহণের সঙ্গে ঘুমের ঘাটতি, মস্তিষ্কের গঠনের পার্থক্য এবং মানসিক সমস্যার লক্ষণের সম্পর্ক পাওয়া গেছে। তবে ক্যাফেইন সরাসরি এসব সমস্যার কারণ, তা এখনো প্রমাণিত না। তাই শিশুদের পানীয় নির্বাচনে সচেতন হতে হবে। এর পাশাপাশি তাদের ঘুম ও মানসিক স্বাস্থ্যের প্রতিও অভিভাবকদের গুরুত্ব দেওয়া জরুরি।

সূত্র: পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম সামা টিভিতে ‘Children consuming caffeine show more mental health symptoms’ এবং নেদারল্যান্ডসভিত্তিক সংবাদমাধ্যম নিউট্রিশন ইনসাইটে ‘Children’s caffeine intake linked to brain differences and poorer mental health’ শিরোনামে প্রকাশিত আর্টিকেলের অনুবাদ ও সম্পাদনা করেছেন সাবিহা তাবাসসুম শুচি।