কম সময়ে, সহজ ব্যায়ামে সুস্থ রাখুন হৃদযন্ত্র

জিমে ঘণ্টার পর ঘণ্টা কাটানো বা কঠিন ব্যায়াম করলেই যে সুস্থ থাকা সম্ভব, এমন ধারণা এখন বদলাচ্ছে। সাম্প্রতিক গবেষণা বলছে, খুব অল্প সময়ের সহজ কিছু ব্যায়ামও হৃদযন্ত্র ভালো রাখতে বড় ভূমিকা রাখতে পারে।
বিশেষ করে আইসোমেট্রিক ব্যায়াম, যেখানে নির্দিষ্ট ভঙ্গিতে কিছু সময় স্থির থাকতে হয়, তা রক্তচাপ কমাতে ও শরীরের শক্তি বাড়াতে কার্যকর। সপ্তাহে মাত্র তিন দিন, প্রতিদিন প্রায় ১৪ মিনিট সময় দিলেই এর উপকার পাওয়া যেতে পারে।
আইসোমেট্রিক ব্যায়াম কী
এই ধরনের ব্যায়ামে পেশি সংকুচিত থাকে, কিন্তু শরীরের অবস্থান বদলায় না। যেমন
- দেয়ালে ভর দিয়ে বসার মতো স্কোয়াট
- পা সোজা করে বসে থাকা
- হাতে বল চেপে ধরা
এগুলো দেখতে সহজ হলেও শরীরের ভেতরে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটায়।
কেন এটি কার্যকর
গবেষণায় দেখা গেছে, এই ধরনের ব্যায়াম রক্তচাপ কমাতে বেশ কার্যকর। অনেক ক্ষেত্রে এটি দৌড়ানো বা সাধারণ ব্যায়ামের চেয়েও ভালো ফল দিতে পারে।
ব্যায়াম করার সময় পেশিতে চাপ পড়ে, ফলে রক্তপ্রবাহ সাময়িকভাবে কমে যায়। পরে পেশি শিথিল হলে রক্তপ্রবাহ আবার বাড়ে। এই প্রক্রিয়া বারবার ঘটলে দীর্ঘমেয়াদে রক্তচাপ কমতে সাহায্য করে।
এ ছাড়া এটি
- ধমনির শক্ত হয়ে যাওয়া কমায়
- হৃদযন্ত্রের কার্যকারিতা উন্নত করে
- পেশির শক্তি বাড়ায়
- কেন এটি সবার জন্য সহজ
এই ব্যায়ামের বড় সুবিধা হলো, এটি ঘরে বসেই করা যায়। কোনো যন্ত্রপাতি লাগে না, বাইরে যাওয়ার প্রয়োজন নেই, এমনকি বেশি ঘামও হয় না।
যাদের সময় কম বা চলাফেরায় সমস্যা আছে, তাদের জন্য এটি বিশেষভাবে উপযোগী।
কীভাবে শুরু করবেন
একটি সহজ রুটিন হতে পারে
- একটি ব্যায়াম ২ মিনিট ধরে করুন
- মাঝে ১ থেকে ২ মিনিট বিশ্রাম নিন
- এভাবে মোট ৪ বার করুন
- সপ্তাহে ৩ দিন অনুশীলন করুন
শুরুর দিকে খুব কঠিন ভঙ্গিতে না গিয়ে সহজভাবে শুরু করা ভালো। যেমন, পুরো নিচে বসার বদলে একটু উঁচু অবস্থানে স্কোয়াট করা যেতে পারে।
মনে রাখবেন - যারা ইতোমধ্যে নিয়মিত ব্যায়াম করেন, তাদের জন্য এটি অন্য ব্যায়ামের বিকল্প নয়, বরং অতিরিক্ত হিসেবে যোগ করা যেতে পারে।
স্বাস্থ্য ভালো রাখতে সব সময় কঠিন ব্যায়াম প্রয়োজন হয় না। নিয়মিত ও সঠিকভাবে করা ছোট ছোট ব্যায়ামও বড় উপকার দিতে পারে। তাই ব্যস্ত জীবনেও অল্প সময় বের করে এমন সহজ ব্যায়াম অভ্যাসে আনলে হৃদযন্ত্র সুস্থ রাখা সম্ভব।
সূত্র : বিবিসি