সহজ ৮ ব্যায়ামেই নিয়ন্ত্রণে থাকবে ব্লাড সুগার

সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই। শারীরিক অনুশীলনের সময় আমাদের পেশির অতিরিক্ত শক্তির প্রয়োজন হয়, যার প্রধান উৎস রক্তে থাকা শর্করা বা গ্লুকোজ।
আপনি যখন হাঁটেন, সাইকেল চালান কিংবা সাধারণ কোনো ব্যায়াম করেন, তখন পেশি রক্ত থেকে এই শর্করা শোষণ করে ব্যবহার করতে শুরু করে। নিয়মিত শরীরচর্চা শরীরকে ইনসুলিন ব্যবহারে আরও দক্ষ করে তোলে, যা দীর্ঘমেয়াদে রক্তে সুগারের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে।
ভারতের মুম্বাইয়ের পুষ্টিবিদ ও ফিটনেস প্রশিক্ষক জাগৃতি কুরানি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য অত্যন্ত কার্যকর এমন ৮টি সহজ ব্যায়ামের কথা জানিয়েছেন:
১. ব্রিস্ক ওয়াকিং (দ্রুত হাঁটা)
প্রতিদিন ঘণ্টা প্রতি ৫ থেকে ৬ কিলোমিটার গতিতে ২০-৩০ মিনিট জোরে হাঁটুন। বিশেষ করে খাবার খাওয়ার পর এভাবে হাঁটলে রক্তে হুট করে সুগারের মাত্রা বাড়ে না এবং ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি পায়।
২. চেয়ার স্কোয়াটস
একটি কাল্পনিক চেয়ারে বসার ভঙ্গিতে বসে ও উঠে ১০-১৫ বারের ২-৩টি সেট অনুশীলন করুন। শরীরের নিম্নাংশের পেশির শক্তি বাড়ানোর পাশাপাশি এই ব্যায়াম পেশিকে দ্রুত গ্লুকোজ শোষণে সাহায্য করে।
৩. রেজিস্ট্যান্স ট্রেনিং
সপ্তাহে অন্তত ২-৩ দিন ডাম্বেল, রেজিস্ট্যান্স ব্যান্ড কিংবা নিজের শরীরের ওজন ব্যবহার করে কোনো বাধার বিরুদ্ধে পেশির ব্যায়াম করুন। এতে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।
৪. সিঁড়ি ভাঙা
দুপুর ও রাতের খাবার শেষে ৫-১০ মিনিট সিঁড়ি দিয়ে ওঠানামা করুন। এতে খাওয়ার পরপরই রক্তে শর্করার মাত্রা চট করে বেড়ে যাওয়ার প্রবণতা অনেকটাই কমে।
৫. সাইকেল চালানো
নিয়মিত ২০-৩০ মিনিট সাইকেল চালালে ইনসুলিনের কার্যকারিতা বাড়ে। এটি সুগার নিয়ন্ত্রণের পাশাপাশি হৃদ্যন্ত্রের স্বাস্থ্যও ভালো রাখে।
৬. যোগাসন
মানসিক চাপ সৃষ্টিকারী হরমোন ‘কর্টিসল’-এর মাত্রা কমাতে দিনে ২০ থেকে ৩০ মিনিট যোগাসন করুন। কর্টিসলের মাত্রা কম থাকলে রক্তে শর্করার পরিমাণও নিয়ন্ত্রণে থাকে।
৭. সাঁতার কাটা
অস্থিসন্ধির যত্ন ও সারা শরীরের সার্বিক ব্যায়ামের জন্য প্রতিদিন ২০-৩০ মিনিট সাঁতার কাটা অত্যন্ত উপকারী। এতে পেশিগুলো রক্ত থেকে বেশি পরিমাণ গ্লুকোজ শোষণের সুযোগ পায়।
৮. নাচ
মন ভালো রাখার পাশাপাশি ব্লাড সুগার কমাতেও নাচ দারুণ কার্যকর। দিনে মাত্র ২০-৩০ মিনিট নাচের মাধ্যমে শারীরিক অনুশীলন হলে পেশি অতিরিক্ত গ্লুকোজ শোষণ করে রক্তের সুগার লেভেল স্বাভাবিক রাখে।
সূত্র: আনন্দবাজার
.png)


