logo

রাতে তরমুজ খাওয়া বন্ধ করবেন যে ৩ কারণে

রাতে তরমুজ খাওয়া বন্ধ করবেন যে ৩ কারণে

গরমের সময় তরমুজ যেন সবার প্রিয় ফল। রসালো, মিষ্টি এই ফল তৃষ্ণা মেটায় এবং শরীরকেও ঠান্ডা রাখে। এতে প্রচুর পানি, পটাশিয়াম ও লাইকোপিনের মতো উপকারী উপাদান রয়েছে। এমনকি তরমুজের বীজও বেশ পুষ্টিকর।

তরমুজ খেলে পেশির ব্যথা কমতে পারে, হৃদযন্ত্র ভালো থাকে এবং কিছু ক্ষেত্রে ক্যানসার প্রতিরোধেও সহায়ক হতে পারে বলে বিশেষজ্ঞরা জানান। বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য এটি উপকারী। কারণ, এটি শরীরের পানির ঘাটতি পূরণ করে এবং ফোলা ভাব কমাতে সাহায্য করে।

তবে এত উপকারিতা থাকলেও, রাতে তরমুজ খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা রয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, রাতে এই ফল খাওয়া কিছু সমস্যার কারণ হতে পারে।

হজমের সমস্যা হতে পারে

রাতের দিকে আমাদের হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়। তরমুজে পানি ও কিছুটা অ্যাসিডিক উপাদান থাকায় এটি রাতে খেলে হজমে সমস্যা হতে পারে। অনেকের ক্ষেত্রে পেট ফাঁপা বা অস্বস্তি তৈরি হতে পারে।

চিনি বেশি থাকে

তরমুজে প্রাকৃতিক চিনি থাকে। রাতে শরীরের কার্যক্রম কম থাকায় এই চিনি সহজে খরচ হয় না। ফলে ওজন বাড়ার ঝুঁকি থাকতে পারে। এছাড়া বাজারের কিছু তরমুজে কৃত্রিমভাবে মিষ্টতা বাড়ানো হতে পারে, যা স্বাস্থ্যের জন্য ভালো নয়।

বারবার বাথরুমে যেতে হতে পারে

তরমুজে প্রায় ৯২ শতাংশ পানি থাকে। রাতে এটি খেলে বারবার প্রস্রাবের চাপ তৈরি হতে পারে, যা ঘুমের ব্যাঘাত ঘটায়। অতিরিক্ত খেলে শরীরে পানি জমে যাওয়ার সমস্যাও হতে পারে।

কখন তরমুজ খাওয়া ভালো?

বিশেষজ্ঞদের মতে, দিনের বেলায় তরমুজ খাওয়া সবচেয়ে ভালো। সকালে বা দুপুরে এটি খেলে শরীর সহজে হজম করতে পারে এবং বেশি উপকার পাওয়া যায়। এটি সকালের নাশতা বা খাবারের মাঝখানে হালকা নাস্তা হিসেবেও খাওয়া যেতে পারে।

সব মিলিয়ে, তরমুজ একটি অত্যন্ত স্বাস্থ্যকর ফল। তবে সঠিক সময়ে খাওয়াই এর উপকারিতা পুরোপুরি পেতে সাহায্য করে।